জুলাই মাসে ডিএসই থেকে রাজস্ব আদায় বেড়েছে

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২০:০০
চলতি অর্থবছরের প্রথম মাসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে। ডিএসই সূত্রে জানা যায়, জুলাই মাসে ১৫ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আয় করেছে সরকার। এর আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল চার কোটি পাঁচ লাখ টাকা। ডিএসইর জমা দেয়া রাজস্ব দুই খাত থেকে সংগ্রহ করা হয়। এর মধ্যে ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ। ডিএসই’র তথ্যে দেখা যায়, সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে জুলাই মাসে মোট ১২ কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৯৮৬ টাকা এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ দুই কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৯৮৯ টাকা সংগ্রহ করে মোট ১৫ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৯৭৫ টাকা সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। তথ্যে দেখা গেছে, গত অর্থবছরের শেষ মাস অর্থাত্ জুন মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৩ কোটি ২৩ লাখ টাকার রাজস্ব আয় করে সরকার। এর আগের মাসে অর্থাত্ মে মাসে রাজস্ব আয় হয়েছিল নয় কোটি ৫৪ লাখ ৮৬ হাজার ১২৪ টাকা। এপ্রিল মাসে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ ছিল তিন কোটি ৯৪ লাখ ৬১ হাজার ৪৫৬ টাকা।