পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সারঙ্গদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশ প্রহরী মোঃ আকমল হোসেন (৪৮) কে সন্ত্রাসীরা ধরে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে দু’হাতের কব্জি ও দু’পায়ের রগ কর্তন করেছে। ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারঙ্গদিয়া গ্রামের বিএনপি নেতা খোন্দকার আশরাফুল ইসলাম নালিম ও তৈয়েবুর রহমান খান গ্রুপের সাথে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আকমল হোসেন এর মধ্যে দীর্ঘদিন ধরে চরম দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার রাতে সারঙ্গদিয়া গ্রামের ওয়াপদা খালের স্লুইস গেটের সন্নিকটে পূর্ব থেকে ওঁতপেতে থাকা বিএনপি নেতা নালিম-তৈয়েব গ্রুপের উজ্জ্বল বিশ্বাস ও সামছু শেখ এর নেতৃত্বে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসীদল তাকে এভাবে নির্যাতন করে। তার আর্তচিত্কারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে এবং তার অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। ইতিপূর্বেও নালিম-তৈয়েব গ্রুপের এ চক্রটি একই গ্রামের এস্কেন্দার নামে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছিল। এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতকারীদের আটকের বিষয়ে সন্দেহভাজন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগ পেলে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
