কক্সবাজারে পিকেটারের ধাওয়া

চাঁদের গাড়ি উল্টে নিহত ১ আহত ৯

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২০:৪৮
কক্সবাজারে পিকেটারদের ধাওয়া খেয়ে একটি চাঁদের গাড়ি (জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। জামায়াতের হরতালের প্রথম দিন মঙ্গলবার সারাদিন পরিস্থিতি শান্ত থাকলেও সন্ধ্যার পর মাঠে নামে জামায়াত-শিবির। তারা বিভিন্ন স্থানে চোরাগুপ্তা হামলা ও যানবাহনে ভাংচুর চালায়। তাদের হামলায় চেয়ারম্যান পাড়ায় ৫টি এবং অন্যান্য স্থানে আরো ৫টি যানবাহন ভাংচুরের শিকার হয়। নিহত হামিদুল হক (৪৫) খরুলিয়া মাস্টারপাড়া এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। আহতরা হলেন, রামুর রাজারকুল ইউনিয়নের রমিজ আহমদ (৪৮), নুরুল আলম (৪২), তার মেয়ে নাজমা বেগম (৮), খরুলিয়ার মোহাম্মদ শফি (৭০), রামুর উত্তর মিঠাছড়ীর নুর আহমদ (২৫), ৪ মাসের শিশু রায়ান ও জীপের চালক রামুর মেরংলোয়া এলাকার শুভংকর বড়ুয়া (৩০)। হামলাকারীদের মুখে কাপড় বাঁধা ছিল। কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, রাতেরবেলায় হঠাত্ করে জামায়াত শিবিরের একদল কর্মী সড়কে অবস্থান নিয়ে যানবাহনে হামলা শুরু করে।