বান্দরবানে পর্যটন ব্যবসায় ধস নেমেছে। ঈদের ছুটিতেও বান্দরবানে হোটেল-মোটেল, গেস্ট হাউজ-রেস্ট হাউজগুলোও খালি পড়ে রয়েছে। পর্যটক শূন্য হয়ে পড়েছে বান্দরবানের নীলাচল, মেঘলা, শৈল প্রপাত, রিজুক ঝর্ণাসহ জেলার পর্যটন স্পটগুলো। ঈদে পর্যটনের ভরা মৌসুমেও পর্যটন ব্যবসায় ধসের জন্য রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। বান্দরবান হোটেল-মোটেল রেস্টুরেন্ট পর্যটন ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, ঈদে পর্যটকদের বরণের সব ধরনের আয়োজনের পরও পর্যটকরা না আসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। চলতি বছরের মার্চ মাসের পর থেকে বান্দরবানে পর্যটকের আগমন আশঙ্কাজনক হারে কমে গেছে। পর্যটন ব্যবসা টিকিয়ে রাখতে হরতালের মত কর্মসূচিগুলো বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রতিবছর ঈদের ছুটিতে প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে বান্দরবান জেলায় ঢল নামে পর্যটকের। পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠে পর্যটকদের পদচারণায়। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতায় এবার ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকের আগমন ঘটেনি। পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন স্পটগুলো। জেলা শহরের হোটেল-মোটেল, রেস্ট হাউজ-গেস্ট হাউজগুলোও খালি পড়ে রয়েছে।
