প্রশ্ন :আমি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ নিয়ে পড়ালেখা করছি। আমি পঞ্চম সেমিস্টার শেষ করেছি। আর তিনটি সেমিস্টারে আমার পড়ালেখা শেষ হবে। আমি বিবিএ করার পর কী ধরনের কোর্স করলে ট্যুরিজম বিষয়ে চাকুরি পেতে সুবিধা হবে? ট্যুরিজমে কি ভালো ক্যারিয়ার গড়ে তোলা যায়? এই বিষয়ে কি উচ্চশিক্ষার সুযোগ আছে আমাদের দেশে?
মোহাম্মদ তৌফিক হোসেন
খিলখেত, ঢাকা।
উত্তর :ট্যুরিজম নিয়ে এক সময়ে দেশে পড়ালেখার তেমন সুযোগ না থাকলেও সময়ের সাথে সাথে এ বিষয়ে পড়ালেখার সুযোগ তৈরি হয়েছে। বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ করা যায়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও এই বিষয়ে এমবিএ করার সুযোগ রয়েছে। যেকোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ করার সুযোগও থাকছে। তবে ট্যুরিজম এবং হসপিটালিটি বিষয়ক পেশাতে পড়ালেখাটাই মুখ্য নয়। এই পেশাতে সফল হওয়ার জন্য প্রয়োজন কাজে দক্ষতা। প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি দরকার বাংলা এবং ইংরেজি ভাষাতে সুন্দর করে কথা বলার দক্ষতা, স্মার্ট আচরণ। আর পড়ালেখার পাশাপাশি ব্যবহারিক কাজের দক্ষতাই আপনাকে এই পেশায় এগিয়ে দেবে। আমাদের দেশে এখন আন্তর্জাতিক মানের হোটেলের সংখ্যা বেড়েই চলেছে। তাই এই বিষয়ে ভালো একটি ক্যারিয়ার গড়ে তুলতে পারেন আপনিও।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? ক্যারিয়ার সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]
