দীর্ঘদিন বন্ধ থাকার পর নীলফামারীর ডোমারে চিলাহাটি স্থলবন্দর ও আন্তর্জাতিক চেক পয়েন্ট আগামী ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। এ খবরে গত মঙ্গলবার জেলায় মিষ্টি বিতরণ করা হয়। এই স্থলবন্দরের কার্যক্রম শুরু হয় ১৯৬০ সালে। ১৯৫৩ সালে এখানে স্থাপন করা হয় একটি আন্তর্জাতিক চেকপোস্ট। কিন্তু ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় চেকপোস্টটি চালু রেখে বন্ধ করে দেয়া হয় স্থলবন্দরটি। ২০০২ সালের ২৬ জুন সেই চেকপোস্টটিও বন্ধ হয়ে যায়। ২০১১ সালে এ স্থলবন্দরটি আবারও চালুর ঘোষণা দেয়া হয়।
ডোমার-ডিমলা সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী জানিয়েছেন, চিলাহাটি স্থলবন্দর ও শুল্ক স্টেশন আগামী ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী অথবা নৌ-পরিবহনমন্ত্রী উদ্বোধন করবেন। নীলফামারী জেলা প্রশাসক এস.এম মাহফুজুর রহমান জানান, চিলাহাটি স্থলবন্দর ও শুল্ক স্টেশন খুব দ্রুতই চালু করা হবে বলে জানতে পেরেছি। নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার বলেন, স্থলবন্দরটি চালু হলে ভারত, নেপাল, ভুটান, চীনসহ কয়েকটি দেশের সাথে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। এ অঞ্চলের আর্থ-সামজিক অবস্থার উন্নতি হবে। চিলাহাটী স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি আবু মুসা মাহমুদুল হক প্রধানমন্ত্রী ও নৌ-পরিবহনমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, চিলাহাটি স্থলবন্দরটি চালু হলে সুবিধাবঞ্চিত এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
