জমি সংক্রান্ত বিরোধের জের হিসেবে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আবু জাকারিয়া মিন্টু (৩৭) নামে এক দলিল লেখক খুন হয়েছে। গতকাল বুধবার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী গ্রামে ওই ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে উপজেলার নারাঙ্গী গ্রামের শামছুল হক মাষ্টারের পুত্র ভালুকা এস.আর অফিসের দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু বাড়ির পাশে তাদের দখলীয় একটি বিরোধপূর্ণ জমিতে গেলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা প্রতিপক্ষ একই এলাকার সমেদ আলীর নেতৃত্বে ৭/৮ জন লোক মিন্টুকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে বড় ভাই শওকত আলী মিন্টুকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু জাকারিয়া মিন্টু ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল সরকারের জামাতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
