আড়াইহাজারে চালককে অজ্ঞান করে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা সদরের খাজা জেনারেল হাসপাতালের কাছে এই ঘটনা ঘটে। আহত চালক বিল্লাল হোসেন জানান, দুপুর ২টার দিকে বাঞ্ছারামপুর থেকে ১ যাত্রী নিয়ে মহিউদ্দিন পরিবহনের একটি সিএনজি আড়াইহাজার বাজারে যাওয়ার উদ্দেশ্যে ভাড়া নেয়।
বিকাল ৪টার দিকে আড়াইহাজার খাজা জেনারেল হাসপাতালের কাছে আসলে গাড়িতে থাকা যাত্রী তার লোক পরিচয় দিয়ে আরো ২ জন লোক উঠায়। গাড়িতে বসেই চালক কিছু বুঝে উঠার আগেই মুখ চেপে ধরে নেশাজাতীয় জিনিস দিয়ে অজ্ঞান করে ফেলে। পরে চালককে রাস্তায় ফেলে গাড়ি নিয়ে ত্বরিতগতিতে পালিয়ে যায়। বাজারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়িটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি।
