মাদারীপুরে উদ্ভাসের আবৃত্তি অনুষ্ঠান
মাদারীপুর প্রতিনিধি \ আবৃত্তি সংগঠন উদ্ভাস গত মঙ্গলবার রাতে ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শীর্ষক কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানটি গ্রন্থণা ও নির্দেশনায় ছিলেন কুমার লাভলু। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন আঞ্জুমান জুলিয়া, রতন কুমার দাস, সুরাইয়া, মেহেদী শামীম, নন্দিনী হালদার, বিজয়, বর্ষা, আ. হামিদ প্রমুখ।
মাগুরায় সংঘর্ষের পর ঘুল্লিয়া গ্রাম পুরুষশূন্য
মাগুরা প্রতিনিধি \ দুই দলের মধ্যে সংঘর্ষের পর মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে আতংক বিরাজ করায় বর্তমানে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। হামলার আশংকায় পুরুষরা অন্যত্র আশ্রয় নিয়েছে। শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল চলছে। মঙ্গলবার সকালে ঘুল্লিয়া গ্রামে মোটরসাইকেলে চড়াকে কেন্দ্র করে দুই দলের মধ্যে প্রথমে বচসা এবং পরে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয় এবং ৫/৬টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উক্ত গ্রাম পুরুষশূন্য এটা ঠিক নয়।
রাণীশংকৈলে পরিচিতি সভা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ নবাগত রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের পরিচিতি সভা মঙ্গলবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান সইদুল হকের সভাপতিত্বে মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর মেয়র মকলেসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা, ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৌলতপুরে গৃহহারাদের মাঝে ঢেউটিন বিতরণ
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর ভাঙনকবলিত চিলমারী, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের গৃহহারা ৬০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেছেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান হারেজ উদ্দিন, ইউএনও অরুণ কুমার, এডভোকেট এজাজ আহমেদ মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
মহেশখালীতে হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান সংবর্ধিত
মহেশখালী (কক্সবাজার) \ কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়কে গত ১৪ আগস্ট সংবর্ধিত করা হয়েছে। মহেশখালী উপজেলা হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।
গাংনীতে চাঁদার দাবিতে শিক্ষকের বাড়িতে বোমা হামলা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের এক স্কুল শিক্ষকের বাড়িতে চাঁদার দাবিতে বোমা হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাত আড়াইটার সময় হাড়িয়াদহ গ্রামের মকছেদ আলীর ছেলে স্কুল শিক্ষক মনিরুল ইসলামের বাড়িতে এ বোমা হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গাংনী থানা পুলিশ বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছেন।
নেত্রকোনায় বিশ্ব আদিবাসী দিবস পালিত
নেত্রকোনা প্রতিনিধি \ “আদিবাসী জাতিসমূহের অধিকার সংক্রান্ত সকল চুক্তি ও অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করুন”— এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গতকাল বুধবার বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে একটি র্যালি হয়। দুর্গাপুর নৃতাত্ত্বিক অডিটরিয়ামে টিডাব্লিউএর চেয়ারম্যান বঙ্কিম মারাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, রেভা ও মনিন্দ্রনাথ মারাক।
পীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ গত মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন আই পজেটিভের উদ্যোগে পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে চান্স পাওয়া এবং এসএসসি পরীক্ষায় ২০১৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও অঙ্গীকার নাট্য নিকেতনের গৌতম দাস বাবলু ও কারাত মাস্টার মীর আব্দুল খালেককে সংবর্ধনা দেয়া হয়। আই পজেটিভের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মহিউদ্দীন জনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ।
কয়রায় স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ
কয়রা (খুলনা) সংবাদদাতা \ কয়রায় উত্তরণের চাইল্ড রিজিলেন্ট প্রকল্পের উদ্যোগে দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত ১৩ আগষ্ট সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কপোতাক্ষ, বড়বাড়ি ও সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ডিআরআর, সিআরএ, ইপিপি ও সিসিই প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উত্তরণের সমন্বয়কারী শংকর রঞ্জন সরকার, প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীন প্রমুখ।
মেলান্দহে ইউএনও’র মতবিনিময় সভা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান এসময় মেলান্দহের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল (ইত্তেফাক), প্রবীণ সাংবাদিক মোত্তালিব মোল্লা, কার্যনির্বাহী সভাপতি আ:হাই, সেক্রেটারী ফরিদুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
দুর্গাপুরে আদিবাসী দিবস পালন
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে নেত্রকোনা জেলার দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয় গত মঙ্গলবার। আদিবাসী দিবস উদ্যাপন পরিষদ-এর উদ্যোগে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উপজেলা সভাপতি বঙ্কিম মানকিন-এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ মোহন মিয়া, এডিপি ম্যানেজার ডেভিট অনুপ সাংমা প্রমুখ।
কালীগঞ্জে গুলিসহ পিস্তল উদ্ধার
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাবাজারে জয় হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড গুলিসহ একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে পথচারীরা পিস্তলটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশের পক্ষ থেকে গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান জানান।
ধামইরহাটে সাংবাদিকের উপর হামলা
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ ধামইরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাংবাদিক আব্দুল আজিজ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, গত মঙ্গলবার বস্তাবর সীমান্ত ফাঁড়ির ২৬২ নং পিলারের সন্নিকটে পেশাগত দায়িত্ব পালনকালে পূর্বশত্রুতার জের ধরে হারুন (৩০), মহব্বত ও আবু বক্করের (৪০) নেতৃত্বে তাকে বেঁধে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে বুকে, পিঠে আঘাত করে আহত করে। হামলার খবরে আজিজের গ্রামের প্রায় দেড় শতাধিক লোকজন প্রথমে প্রেসক্লাবে ও পরে ধামইরহাট থানায় বিচারের দাবি জানায়।
নাঙ্গলকোটে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মজুমদার গত মঙ্গলবার বিরুলি গ্রামস্থ বাসভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন কবির ভিপি, সাংবাদিক আবুল কাশেম গাফুরী, অধ্যক্ষ সায়েম মাহবুব মজুমদার, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাংবাদিক মাঈনউদ্দিন দুলাল, সাইফুল ইসলাম, তাজুল ইসলাম, নিজামউদ্দিন শাহীন, জয়নাল আবেদীন, এম শোয়ায়েব প্রমুখ।
ঈশ্বরগঞ্জে মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মকটুলা ইউনিয়নে হাতভাঙ্গা বিলে মত্স্য অধিদপ্তর কর্তৃক গত মঙ্গলবার পোনা অবমুক্ত করেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আব্দুছ ছাত্তার। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মত্স্য কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা মীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারু অর রশিদ প্রমুখ।
ভেড়ামারায় পৌরসভার ডাস্টবিন বিতরণ
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ গত মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা পরিবারের উদ্যোগে পৌরসভার সামনে শতাধিক উন্নতমানের ডাস্টবিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, প্যানেল মেয়র মাহাবুব আলম বিশ্বাস, ২ নং প্যানেল মেয়র খসরুজ্জামান ফারুক, ভেড়ামারা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক রুহুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।
গফরগাঁওয়ে রেল স্টেশনে পলেস্তরা ধসে আহত ৩
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার অফিসের ছাদের পলেস্তরার একটি বড় অংশ ধসে পড়ে স্টেশন মাস্টারসহ ৩ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ সময় স্টেশন মাস্টার মোসলেমউদ্দিন, বুকিং সহকারী মফিজউদ্দিন ও প্রাক্তন স্টেশন মাস্টার আঃ রাজ্জাক আহত হন। স্টেশন মাস্টার মোসলেমউদ্দিন জানান, গত ৬ মাস পূর্বে স্টেশন মাস্টারের অফিসসহ স্টেশনের সংস্কার করা হয়। সংস্কার নিম্নমানের হওয়ায় বিভিন্ন স্থান থেকে প্রায়ই পলেস্তরা খসে পড়ে।
বেনাপোলে কৃতী ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান
বেনাপোল(যশোর)সংবাদদাতা\ বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে গত মঙ্গলবার ২০১২ এবং ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন ছাত্রীকে সেতু মেধাবৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাজী মসিউর রহমানের উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা পর্যদের সহ-সভাপতি আলহাজ্ব মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ্র সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।
আখাউড়া বিএনপি সহ-সভাপতিকে অব্যাহতি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাছিরউদ্দিন হাজারীকে সিনিয়র সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় নাসিরউদ্দিন হাজারী দীর্ঘদিন ধরে দলীয় শৃৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
কয়রায় ভুয়া সিআইডি অফিসার গ্রেফতার
কয়রা(খুলনা) সংবাদদাতা \ কয়রায় ভুয়া সিআইডি অফিসার সেজে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে ধরা খেলেন সাইফুল ইসলাম(২৪) নামের এক যুবক। পুলিশ জানায়, গত ১৩ আগষ্ট সকাল ১০টায় উপজেলার গিলাবাড়ী এলাকায় সিআইডির অফিসার পরিচয় দিয়ে চাঁদা আদায় করার সময় এলাকাবাসী তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।
আড়াইহাজারে আওয়ামী লীগের বর্ধিত সভা
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা গত মঙ্গলবার বিশনন্দী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ইকবাল রহমান রিপন, আওয়ামী লীগ নেতা আবুল মুনছুর মাষ্টার, জাকির হোসেন, মজিবুর রহমান মুজিব ও রিপন সরকার প্রমুখ।
জগন্নাথপুরে শিক্ষার মানোন্নয়নে সভা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলা শিক্ষার মানোন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, শিক্ষা কমিটির সদস্য দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ আব্দুল হাই, সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
বানারীপাড়ায় শিক্ষাসামগ্রী ও খাবার বিতরণ
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ গতকাল বুধবার বানারীপাড়ায় শ্রী গুরু সংঘের উদ্যোগে ৪টি বিদ্যালয়ের ১শ’ দুঃস্থ শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ফল-মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাহাদ সুমন, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা শ্রী গুরু সংঘের সভাপতি শ্যামল কর্মকার প্রমুখ।
সুনামগঞ্জে ছাত্র শিবিরের ২ নেতা আটক
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জে ছাত্র শিবির ২ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ষোলঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, শহর ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম, শিবিরের কর্মী ইয়াসিন আলী। সুনামগঞ্জ সদর থানার ওসি এনামুল হক জানান, হরতালের নাশকতার অভিযোগে দুই ছাত্র শিবিরের নেতাকে আটক করা হয়েছে।
তালায় ছাত্র শিবিরের ৩ নেতা আটক
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল বুধবার তালায় পুলিশের হাতে তিন শিবির নেতা আটক হয়েছে। আটককৃতরা হলো: বারুইহাটী গ্রামের আবুল কালাম আজাদ (২২), রহিমাবাদ গ্রামের আসাদ (২০) এবং একই গ্রামের আল আমিন গাজী (১৬)। এসময় তাদের কাছ থেকে ২টি পাইপ, ২টি টর্চলাইট এবং ১টি ম্যাচ উদ্ধার করা হয়। আটককৃতরা বিভিন্ন কলেজ ও মাদ্রাসার ছাত্র। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
চাটমোহরে ইউনিয়ন যুবদলের কমিটি গঠন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে। গত ৮ আগষ্ট জাতীয়তাবাদী যুবদল চাটমোহর উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি অনুমোদন দেয়া হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, হরিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত করে এই কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে মোঃ বাবলুর রহমান মেম্বার ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মহসিন মোল্লা নির্বাচিত হয়েছেন।
বাবরের সহধর্মিণী স্বামীর জন্য দোয়া চাইলেন
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ গত মঙ্গলবার নিজ শ্বশুরালয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবনী সকলের কাছে স্বামীর রোগ ও কারামুক্তির জন্য দোয়া চাইলেন। গত সোমবার ঈদ উপলক্ষে তিনি সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি মদন উপজেলার বাড়িভাদেরা গ্রামে আসেন। এ সময় উপস্থিত জনতার সাথে সৌজন্য সাক্ষাত্কালে স্বামীর সুস্থতার জন্য সকলের কাছে তিনি দোয়া চান।
কয়রায় বিশ্ব আদিবাসী দিবসের র্যালী
কয়রায় সুন্দরবন আদিবাসী উন্নয়ন সংস্থা (সাউস) এর উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার কয়রা সদরে এক বর্ণাঢ্য র্যালী শেষে কপোতাক্ষ কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাউসের ম্যানেজিং কমিটির সদস্য গণেশ চন্দ্র মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ অধির কৃষ্ণ মন্ডল প্রমুখ।
