প্রাগপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ নিয়ে ধূম্রজাল

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২১:৪৪
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১ নং প্রাগপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। ঐ ইউনিয়ন পরিষদের গুদামে ঈদের আগে বিতরণের জন্য বরাদ্দকৃত ২৮ বস্তা ভিজিএফের চাল পাওয়ার পর ইউএনও ঘটনাস্থলে গিয়ে কোন কারণ দর্শানো ব্যতিরেকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ঐ চাল দ্রুত বিতরণের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে প্রাগপুর ইউনিয়ন পরিষদের গুদামের পাশ দিয়ে জনৈক ব্যক্তি ২ বস্তা চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধাওয়া করলে এক বস্তা চাল ফেলে রেখে সে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এক বস্তা চাল উদ্ধার করে। এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয়রা অবগত করলে ইউএনও অরুন কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউনিয়ন পরিষদের গুদামে ২৮ বস্তা ভিজিএফের চাল দেখতে পান। ঈদুল ফিতর উপলক্ষে ৩০ জুলাই উত্তোলন করা চাল কেন ঈদের আগে বিতরণ করা হয়নি তার কারণ দর্শানো ব্যতিরেকে তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ২৮ বস্তা ভিজিএফের চাল দ্রুত বিতরণ করার নির্দেশ দেন। ইউএনও’র এ আচরণে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন, ঈদের আগে চাল বিতরণ শেষ হয়ে গেছে বলে মানুষকে ফিরিয়ে দেয়া হয়েছে। অথচ প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদু জানান, ঈদের আগে ভিজিএফের সমস্ত চাল বিতরণ করা সম্ভব হয়নি। একইভাবে ইউএনও অরুন কুমার বলেন, এই ২৮ বস্তা ভিজিএফের চাল চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদু’র নিজস্ব এলাকার লোকজনের মধ্যে বিতরণ করার জন্য বলে চেয়ারম্যান তাকে জানিয়েছেন। তবে ঈদের চাল বিতরণে বিলম্ব কেন তার কারণ তিনি স্পষ্ট করে বলতে পারেননি।