গতকাল বুধবার ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি ৪ হাজার ৫১৪ ভোট পেয়ে বেসরকারি-ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থক সিরাজুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৪১২ ভোট।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৪৪টি বুথে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে একজন মহিলাসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৬ হাজার ৪৫৬ জন ভোটারের মধ্যে ১২ হাজার ৮৮৮ জন ভোট দান করে। শতকরা ৭৮ ভাগ ভোট পোল হয়েছে। গত ১৬ জুন সদর উপজেলার ১৭নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসকে ঝিনাইদহ শহরের হামদো এলাকায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এতে চেয়ারম্যান পদ শূন্য হয়।
