আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ড. কামাল হোসেন ও মওদুদ আহমদরা পরিকল্পিতভাবে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। বিতর্কিত হওয়ার মতো এমন কোনো কাজ করেননি সিইসি। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুরে শহীদ কল্লা শাহ মাজার জিয়ারত শেষে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন নেওয়া হয়েছে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না, এ ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন। মন্ত্রী পরে দুপুরে আখাউড়া পৌরসভা ভবনে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেন। সেখানে আলেম-ওলামা, ইমাম মাশায়েখদের উদ্দেশে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন চলছে, সে উন্নয়নে আপনারা শামিল হোন। পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মাওঃ কাজী মাঈনুদ্দিন, মাওঃ আস আল হাবিবী, মাওঃ আসয়াদুজ্জামান, মাওঃ কাজী কেফায়েতুল্লাহ মাহমুদি, মাওঃ আবু আব্দুল্লাহ, মাওঃ হাফেজ হাফেজ নুরুল ইসলাম বাবুল প্রমুখ।
এর আগে সকাল ১০টায় সড়ক বাজারস্থল দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় আইনমন্ত্রীর সাথে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহবায়ক মো. আবুল কাশেম ভূঁইয়া, মো. সেলিম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাবলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়নসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
