হরতালে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:৩৯
জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে গতকাল দেশের বিভিন্ন স্থানে জামায়াত কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। বিভিন্ন স্থানে জামায়াত-শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। লক্ষ্মীপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে শিবির কর্মীরা। বিভিন্ন স্থান থেকে বেশ কিছু শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে জামায়?াতের হরতাল চলাকালে ককটেল বিস্ফোরণে মো. বাবুল (১৩) নামে এক স্কুল ছাত্র আহত হয়েছে। জামায়াতের মিছিল থেকে নিক্ষিপ্ত ককটেলের আঘাতে সে আহত হয়েছে বলে পুলিশ জানায়। বাকলিয়া থানার ওসি মো. মহসিন ইত্তেফাককে বলেন, বুধবার দুপুর ১টার দিকে মিয়াখান নগর এলাকায় জামায়াতের একটি ঝটিকা মিছিল থেকে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সিলেট অফিস জানায়, দ্বিতীয় দিন সিলেট নগরীতে হরতাল চলাকালে নয়া সড়কে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুই শিবিরকর্মী আটক হয় পুলিশের হাতে। শিবিরের ফেলে যাওয়া তিনটি মোটর সাইকেলও পুলিশ জব্ধ করেছে। সংঘর্ষ চলাকালে পুলিশ অন্তত ১১ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। পরে হাতে তৈরি একটি বোমা উদ্ধার করে র্যাব-৯-এর সদস্যরা। বরিশাল অফিস জানায়, জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিন গতকাল বুধবার ভোর থেকে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও পিকেটিংয়ের চেষ্টা করে শিবির কর্মীরা। এসময় পুলিশ ধাওয়া করলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়। রাজশাহী অফিস জানায়, জামায়াতের ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সপুরায় আরডিএ ভবনের সামনের সড়কে শিবির কর্মীরা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে। এসময় তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়। পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়। দিনাজপুর অফিস জানায়, দিনাজপুরে জামায়াতের ডাকা ২য় দিনের হরতাল হয়নি। গতকাল বুধবার ভোরে হরতালের সমর্থনে পিকেটিং করার সময় কোতয়ালী পুলিশ শহরের হাউজিং মোড় থেকে ২ শিবির কর্মীকে গ্রেফতার করে। খানসামা থেকে মটর সাইকেল ভাংচুরের সময় ৩ শিবির কর্মী এবং চিরিরবন্দরে ভুষিরবন্দর বাজারে গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ দুই শিবির কর্মীকে গ্রেফতার করে। যশোর অফিস জানায়, যশোরে হরতাল সমর্থক জামায়াত-শিবির কর্মীরা একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে। বুধবার বেলা ১১টায় যশোর সদর উপজেলার নতুনহাট বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাক চালক আহত হন। লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের রায়পুর-ফরিদগঞ্জ উপজেলার বর্ডার এলাকায় শিবির কর্মীরা দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন ভূঁইয়ার গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ম্যাজিস্ট্রেটের গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদগঞ্জ হতে ঘটনাস্থলে পুলিশ আসে। সংঘর্ষে শিবিরের ২০ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। পুলিশসহ আরো ৩০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ২৫০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। রংপুর প্রতিনিধি জানান, জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন গতকাল বুধবার রংপুরে পরিত্যক্ত অবস্থায় ৯টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব। গতকাল সকালে মহানগরীর দর্শনা মোড় এলাকার এ.আর ছাত্রাবাস থেকে বোমাগুলো উদ্ধার করে র্যাব-৫ রংপুর ক্যাম্পের সদস্যরা। এছাড়া হরতালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পিকেটিং করার সময় শিবিরের ৩ কর্মীকে আটক করে পুলিশ। সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে হরতাল পালিত হয়। ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও কোন পণ্যবাহী ট্রাক বন্দর ছেড়ে যায়নি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, হরতালের দ্বিতীয় দিনে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকায় জামায়াত শিবিরের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষ হয়। জামায়াত শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে ২ শিবির কর্মীকে আটক করে পুলিশ। নোয়াখালী প্রতিনিধি জানান, বিক্ষিপ্ত দু’একটি ঘটনার মধ্যদিয়ে জামায়াতের ডাকে গতকাল বুধবার জেলার সর্বত্র হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে হরতালকারীরা দুপুরে সেনবাগের সমিরমুন্সিরহাটে ৩টি মোটর সাইকেল, ১টি সিএনজি চালিত অটোরিকশা ও ১টি মিনিবাস ভাংচুর করে । গাইবান্ধা প্রতিনিধি জানান, হরতালের দ্বিতীয় দিনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জামায়াত শিবিরের কর্মীরা। অন্তত ৪ টি যানবাহন ভাংচুর ও ভোরে ফাঁসিতলা মাস্তা নামক এলাকায় একটি পি-কাপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে। কুমিল্লা প্রতিনিধি জানান, গতকাল বুধবার কুমিল্লায় গাড়ি ভাংচুর, জামায়াত-ছাত্রলীগ সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এসব ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।