ইউরোপের মন্দা কেটে যাচ্ছে

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:৩৯
দীর্ঘ প্রায় ১৮ মাস পর ইউরোপের ঘাড় থেকে অর্থনৈতিক মন্দা নামের ভূতটি নামতে শুরু করেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এ অঞ্চলের দেশগুলোর অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছে। এ প্রবৃদ্ধির হার শূণ্য দশমিক তিন শতাংশ হলেও নেতিবাচক অর্থনীতির ধারা থেকে দেশগুলোর বেরিয়ে আসার খবরে অনেকে স্বস্তিবোধ করছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বছরের দ্বিতীয় প্রান্তিকে জার্মানীর অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে শূণ্য দশমিক ৭ শতাংশ। ফ্রান্সের অর্থনীতিতেও এসময় শূণ্য দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন পর্তুগালকে উদ্ধার প্যাকেজের আওতায় কয়েক বিলিয়ন ডলার অর্থ দিয়েছিলো। এর ফলও ভালো হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক এক শতাংশ। তবে এর বিপরীতে খারাপ খবরও আছে। স্পেনের ব্যাংকিং ব্যবস্থা বাঁচিয়ে রাখতে ইইউ বিপুল অংকের অর্থ দিলেও দেখা গেছে দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি শূণ্য দশমিক এক শতাংশ কমেছে। ইটালি এবং নেদারল্যান্ডের প্রবৃদ্ধিও কমেছে শূণ্য দশমিক ২ শতাংশ। ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট ওলি রেন বলেছেন, এসব উপাত্ত দেখে বলা যায়, ইউরোপের মন্দাবস্থা ধীরে ধীরে কেটে যাচ্ছে।