রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:৪০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আসছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আকতার হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে আসবেন। স্পিকারের একান্ত সচিব এমএ কামাল বিল্লাহ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। রাষ্ট্রপতি আজ সকাল ১১টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া তিনি ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন। এদিকে প্রধানমন্ত্রী সকাল ১০টায় টুঙ্গিপাড়া পৌঁছে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করে ফাতেহা পাঠ করবেন। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। বিউগলে বাজানো হবে করুণ সুর। এরপর টুঙ্গিপাড়া সমাধি সৌধ কমপ্লেক্সে সকাল ১১টা ২৫ মিনিটে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিবেন প্রধানমন্ত্রী। শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছেড়ে যাবেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সকাল ৯টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।