বগুড়ার বহুল আলোচিত যুবলীগ নেতা মজনু ও নাহিদ জোড়া হত্যা মামলার প্রধান অভিযুক্ত তালিকাভুক্ত সন্ত্রাসী মিনকোকে শহরের ঠনঠনিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। একইসাথে হত্যাকাণ্ডে ব্যবহূত রামদা ও চাপাতি উদ্ধার করেছে পুলিশ। বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমান বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশসূত্র জানায়, যুবলীগ নেতা মজনু ও তার ভাতিজা নাহিদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মিনকোকে মঙ্গলবার মধ্যরাতে গ্রেফতার করা হয়। তবে অস্ত্র উদ্ধারের স্বার্থে বিষয়টি দিনভর গোপন রাখে পুলিশ।
পুলিশ জানায়, মিনকো বর্তমানে জোড়া হত্যা মামলায় উচ্চতর আদালত থেকে জামিনে রয়েছে। এই হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে। গতকাল বুধবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে শাজাহানপুর থানায় আরও একটি মামলা হয়। গত ২৬ মে জেলার শাজাহানপুরে মিনকো বাহিনীর হাতে খুন হন অন্যতম শীর্ষ সন্ত্রাসী মজনু ও নাহিদ।
