জেলার মহামায়া লেকে নিখোঁজ হওয়ার ৩ দিন পর কলেজ ছাত্র কফিল উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার তার লাশ স্থানীয় লেকের পানিতে ভেসে ওঠে। এর আগে গত ৩ দিন ডুবুরীদের দল কফিলকে উদ্ধারে ব্যর্থ হয়। গত ১১ আগস্ট কফিল বন্ধুদের নিয়ে মিরসরাইয়ের মহামায়ায় ফেনী থেকে আনন্দ ভ্রমণে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গতকাল দুপুরে লেকের বাঁধ থেকে ২০ ফুট দূরে কফিল উদ্দিনের লাশ ভেসে উঠে। পরে প্রশাসনের উপস্থিতিতে লাশ ফেনী জেলার ছাগলনাইয়ার উত্তর পানুয়া গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
গত রবিবার সহপাঠিদের সাথে কফিল উদ্দিন মহামায়া লেকে আসে। লেকে সাঁতার কাটতে ইঞ্জিনচালিত বোট থেকে ঝাঁপ দিয়ে সে নিখোঁজ হয়ে যায়। গত তিনদিন ধরে তার লাশ উদ্ধারে প্রশাসন ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরী দল নিয়ে লেকে অভিযান চালায়। কফিল উদ্দিন ফেনী কলেজের ছাত্র ও ছাগলনাইয়া উপজেলার উত্তর পানুয়া গ্রামের মো. শাহজাহানের একমাত্র ছেলে।
