দক্ষিণ কোরিয়ায় বিনামূল্যে ‘এলজি জি২’ স্মার্টফোন পেতে বন্দুক নিয়ে হামলা, আহত ২০

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২০:২৬
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি পার্কে এলজি’র নতুন স্মার্টফোন ‘এলজি জি২’-এর প্রচারণার একটি ইভেন্টে বিনামূল্যে ১০০টি ‘এলজি জি২’ স্মার্টফোন দেওয়ার পরিকল্পনা ছিল। স্মার্টফোনগুলো পেতে গিয়েই বন্দুক নিয়ে হামলা চালায় একদল মানুষ এবং তাতে করে ২০ জন আহত হয়। এর মধ্যে ৭ জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। গত শুক্রবার এই ঘটানা ঘটে। কোরিয়া টাইমসের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি কারও অবস্থা আশংকাজনক নয়। অনভিপ্রেত এই ঘটনায় এলজি আহত সকলের চিকিত্সার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দিয়েছে এবং প্রয়োজনে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছে। সাথে সাথে তাদের নতুন স্মার্টফোনটির পরবর্তী প্রচারণাগুলো বন্ধের কথাও জানিয়েছে। এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয়েছে এলজি’র নতুন স্মার্টফোন ‘এলজি জি২’। ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আর কোয়ালকমের কোয়াড কোরের স্ন্যাপড্রাগন প্রসেসরসমৃদ্ধ হাই কনফিগারেগশনের এই স্মার্টফোন শুরুতেই সাড়া ফেলে প্রযুক্তি বিশ্বে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই স্মার্টফোনটি ছড়িয়ে পড়ার কথা বিশ্বের অন্যান্য দেশে। এর মধ্যে চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বাজারে এই স্মার্টফোনটিকে জনপ্রিয় করে তুলতে বেশকিছু প্রচারণামূলক কার্যক্রম হাতে নেয় এলজি। এরই অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি পার্কে গত শুক্রবার ছিল এলজি’র একটি ইভেন্ট যার থিম হিসেবে রাখা হয়েছিল ‘জি ইন দ্য ক্লাউড’। এই প্রচারণায় ১০০ টি বেলুনের মধ্যে ‘এলজি জি২’ স্মার্টফোনের জন্য ১০০টি কুপন রাখা হয়েছিল। কোরিয়ান টাইমসের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের মধ্যে যারা যারা এই কুপন পাবেন, তাদের বিনামূল্যে একটি করে ‘এলজি জি২’ স্মার্টফোন দেওয়ার পরিকল্পনা ছিল এলজি’র। তাদের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠান শুরু হলেও কিছু সময় পরেই একদল মানুষ বন্দুক হাতে হাজির হয়। তারা বেলুন লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় কুপনগুলো বেলুন থেকে বেরিয়ে আসতে শুরু করলে উপস্থিত সকলে সেগুলো সংগ্রহ করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। আকস্মিকভাবেই এই ঘটনায় ২০ জন আহত হয়, যার মধ্যে ৭ জনকে হাসাপাতালে নিতে হয়। ঘটনার দায় স্বীকার করে এলজি ক্ষতিগ্রস্ত সকলের চিকিত্সার খরচ বহনের কথা জানিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে এই ধরনের আরও কয়েকটি প্রচারণামূলক অনুষ্ঠান বাতিলের ঘোষণাও দিয়েছে তারা।