মাইক্রোসফটের নতুন কিবোর্ড

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২০:২৭
কম্পিউটার ব্যবহারকারীদের সবচেয়ে বেশি ব্যবহূত একটি পেরিফেরাল হচ্ছে কিবোর্ড। বিশ্বব্যাপী নানা প্রতিষ্ঠান ব্যবহারকারীদের নানা সুবিধার কথা মাথায় রেখে তৈরি করেছে বৈচিত্র্যময় ডিজাইনের কিবোর্ড। টেক জায়ান্ট মাইক্রোসফটও এর আগে বিভিন্ন ডিজাইনের কিবোর্ড তৈরি করেছে, যার প্রতিটিতেই মূল লক্ষ্য ছিল ব্যবহারকারীদের আরাম। তাদের প্রচেষ্টার সর্বশেষ ফলাফল হচ্ছে ‘স্কাল্প আরগোনমিক ডেস্কটপ’ নামের কিবোর্ড। নতুন এই কিবোর্ডটিকে মাইক্রোসফট ডিজাইন করেছে একদম নতুনভাবে। এতে রয়েছে আলাদা নম্বরপ্যাড। আর মূল কিবোর্ডটিকেও ভাগ করা হয়েছে দুইটিভাগে। এই কিবোর্ডের উপর হাত রাখলে যেন সবচেয়ে বেশি আরাম হয়, সে বিষয়টিই নিশ্চিত করা হয়েছে এই ডিজাইনে। কিবোর্ডটিতে রয়েছে বেশ কয়েকটি ‘হট কি’। ‘উইন্ডোজ কি’ ছাড়াও উইন্ডোজ ৮ এবং ৮.১-এর জন্য রয়েছে চার্ম মেন্যুর বিশেষ ‘কি’। এ ছাড়া মিডিয়া প্লেব্যাক, স্ন্যাপ কন্ট্রোল এবং মাল্টিটাস্কিংয়ের জন্য আলাদা ‘কি’-ও রয়েছে এতে। এর দাম রাখা হয়েছে ১৩০ মার্কিন ডলার।