ভারতের পার্লামেন্ট (লোকসভা) পাকিস্তানের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর হামলার নিন্দা জানিয়ে সর্বসম্মতক্রমে একটি প্রস্তাব গ্রহণ করেছে। এতে বলা হয়, ভারত নয়, লালিত সন্ত্রাসীরাই পাকিস্তানের জন্য হুমকি। গত সপ্তাহে ওই হামলায় ৫ ভারতীয় সৈন্য নিহত হয়। লোকসভার স্পিকার মীরা কুমার প্রস্তাবটি পাঠ করেন। এতে বলা হয়, পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের অংশবিশেষ ভারতের অবিচ্ছেদ্য অংগ। প্রস্তাবটি সর্বসম্মতক্রমে গ্রহণ করা হয়। এতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিফলিত হয়েছে।
প্রস্তাবে বলা হয়, এটা দুঃখজনক বিনা উস্কানিতে এমন এক সময় এই হামলা চালানো হয়েছে যখন পাকিস্তানের সংগে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। পাকিস্তান জাতীয় পরিষদে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলার জন্য ভারতকে দায়ী করে একটি প্রস্তাব গ্রহণের একদিন পর লোকসভা এই পাল্টা প্রস্তাব গ্রহণ করে। এতে বলা হয়, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্যসহ এ বিষয়ে কারো সন্দেহ থাকার কথা নয় যে, পাকিস্তান সেনাবাহিনী গত ৬ আগস্ট বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালিয়ে ৫ ভারতীয় সৈন্যকে হত্যা করে।
এদিকে ইসলামাবাদে বুধবার এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, ভারত উত্তেজনা কমানোর পদক্ষেপ নেবে এই বিশ্বাস নিয়ে পাকিস্তান ধৈর্য ও দায়িত্বের সংগে পরিস্থিতি মোকাবিলা করছে। পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, বুধবার বিনা উস্কানিতে ভারতীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে বেসামরিক এক ব্যক্তি (৬০) নিহত এবং তার কিশোরী কন্যা আহত হয়েছে।
