দেলদুয়ারে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র চেয়ে ৩/৪ গুণ অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পরীক্ষা ফি বাবদ ৮০ টাকা এবং কেন্দ্র ফি বাবদ ১৪০ টাকা মোট ২২০ টাকা সরকার নির্ধারিত ফি। কিন্তু সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে যে যেমন পারছে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দোহাই দিয়ে এই অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা জানান। গতকাল বৃহস্পতিবার সরকারি বন্ধের দিন অধিকাংশ স্কুল খোলা রেখে ফরম পূরণ করা হয়। দেলদুয়ার সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন জানান, তারা ৩৫০ টাকা করে নিচ্ছেন। পাশেই শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নেয়া হচ্ছে ৭শ’ টাকা করে। জাঙ্গালিয়া ডা. এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী দুই শিক্ষক জানান, তাদের স্কুলে ৫শ’ টাকা করে নেয়া হচ্ছে। বাথুলী উচ্চ বিদ্যালয়ে নেয়া হচ্ছে ৭শ’ টাকা করে । আটিয়া শাহানশাহী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭শ’ টাকা করে নেয়া হলেও প্রধান শিক্ষিকা জেবুন্নেছা কৌশলে বিষয়টি এড়িয়ে বলেন, যে যা দিচ্ছে আমরা সেভাবেই নিচ্ছি। নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি একটা ফি নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আমাদের স্কুলটা দরিদ্রপ্রবণ এলাকায় হওয়ায় আমরা ৪শ’/৫শ’ টাকা করে নিচ্ছি। এছাড়া উপজেলা থেকে দূরবর্তী অনেক স্কুলে ৮শ’ থেকে ১২শ’ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরা খাতুন বলেন, আমিও অতিরিক্ত টাকা নেয়ার বিপক্ষে। কিন্তু শিক্ষক সমিতি নির্ধারণ করে দেয়ায় ও স্কুল কমিটির সিদ্ধান্তের কারণে অতিরিক্ত ফি নেয়া হচ্ছে। এদিকে স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু কায়সার খান বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া খাতুন বলেন, সরকার কত ফি নির্ধারণ করেছে তা আমি এখনো জানি না এবং কোন চিঠিও পাইনি। খোঁজ-খবর নিয়ে বিষয়টি দেখছি ।
