ভোলার চরফ্যাশন, গাংনী ও নওগাঁয় গত বুধবার সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছে।
চরফ্যাশন সংবাদদাতা জানান, চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কুতুবগঞ্জ নামক স্থানে বুধবার দুপুরে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয়লাল চন্দ্র দাসের (৫৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি চরফ্যাশনের দাসকান্দি গ্রামে।
গাংনী সংবাদদাতা জানান, উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় শ্যালোচালিত ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইলিয়াস হোসেন ওরফে ইমন মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত ইমন উপজেলা শহরের ব্যবসায়ী রবিউল ইসলাম রবির ছেলে। দুর্ঘটনা কবলিত ট্রলি বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মান্দা থানার ওসি জানান, উপজেলার হাজি গোবিন্দপুর নামক স্থানে ট্রাকের চাপায় বুধবার মোঃ ওলি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। একই ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হন। নিহত ওলি রাজশাহী জেলার তানোর উপজেলার আজিজপুর গ্রামের আব্দুল কাদের আলীর ছেলে। পুলিশ চালকসহ ট্রাক আটক করেছে।
