সুজানগরে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা স্বামী পলাতক

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২১:২৮
পাবনার সুজানগরে যৌতুকের জন্য সুলতানা রাজিয়া বন্যা (২৫) নামের এক অন্ত:সত্ত্বা গৃহবধূকে তার স্বামী নির্যাতন চালিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত বন্যা চার মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। তিনি সুজানগর উপজেলার চরদুলাই ক্লাবপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ও সাঁথিয়া উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে। ঘটনার পর স্বামী নজরুল ইসলামের ও তার স্বজনরা পলাতক রয়েছে। নিহত বন্যার বড় ভাই মনোয়ার পারভেজ মানিক জানান, তিন বছর আগে তিন লাখ টাকা যৌতুক দিয়ে নজরুল ইসলামের সাথে বন্যার বিয়ে দেওয়া হয়। কিন্তু গত দুই মাস যাবত্ আরও দেড় লাখ টাকার জন্য বন্যার ওপর নির্যাতন চালিয়ে আসছিল যৌতুকলোভী স্বামী নজরুল ও তার স্বজনরা। এরই এক পর্যায়ে টাকা দিতে না পারায় বুধবার রাতের কোনো এক সময় নজরুল ও তার স্বজনরা বন্যাকে শারিরীক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়ি থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।