কাল ফুলবাড়ি ইউপির উপ-নির্বাচন

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২১:২৯
আগামীকাল শনিবার দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী হলেন সদ্য প্রয়াত চেয়ারম্যান তছির উদ্দিন ঢেপার ছেলে রফিকুল ইসলাম মন্টু (কাপ-পিরিচ), সাবেক চেয়ারম্যান খন্দকার মোসাদ্দেক হোসেন রাজুর ভাই কলেজ শিক্ষক খন্দকার মেহেদী হাসান সাজু (দোয়াত-কলম), সাবেক ইউপি মেম্বার হারুনুর রশিদ (তালা) এবং মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৮শ জন। উপ-নির্বাচনকে কেন্দ্র করে এলাকার ভোটার ও প্রার্থীদের মধ্যে উত্সবের আমেজ বিরাজ করছে। এলাকার প্রতিটি হাট-বাজার, হোটেল-রেস্টুরেন্টসহ ছোট পান-বিড়ি-চায়ের দোকানগুলো এখন সরগরম ভোটের আলোচনায়। নিজ নিজ প্রার্থীর ভালো দিকগুলো তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা করেছেন প্রার্থীর কর্মী-সমর্থকরা। একইভাবে প্রার্থীরাও ছুটেছেন ভোটারদের সাথে সাক্ষাত্সহ দোয়া নিতে। নির্বাচিত হলে এলাকার জন্য কে কী করবেন তাও তুলে ধরেছেন ভোটারদের কাছে।