ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা ২নম্বর রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাঙ্গা ডাকঘরের মাধ্যমে বাঘেধরা, গোয়াডাঙ্গা, চরগোয়াডাঙ্গা, চরনিয়ামত এবং রামভদ্রপুর গ্রামের চিঠিপত্র আদান-প্রদান করা হয়ে থাকে। বড়ো পরিতাপের বিষয় যে, ডাকঘরটির অবস্থান ময়মনসিংহ জেলায় হলেও এর প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে শেরপুর জেলা ডাক বিভাগ। আমাদের স্থায়ী এবং বর্তমান ঠিকানা অনুসারে যখন গোয়াডাঙ্গা, ফুলপুর, ময়মনসিংহ দেওয়া হয় তখন চিঠিটি ফুলপুর ডাকঘরে এসে পৌঁছে যখন ফুলপুর ডাকঘরটি দেখে গোয়াডাঙ্গা ডাকঘরের অভিভাবক শেরপুর জেলা ডাক বিভাগ, তখন চিঠিটি আবার ময়মনসিংহে ফেরত পাঠায়। তারপর ময়মনসিংহ থেকে জামালপুর হয়ে অবশেষে শেরপুর ডাক বিভাগের কাছে এসে পৌঁছে। শেরপুর থেকে চিঠিটি নকলা ডাকঘরে এলে গোয়াডাঙ্গা নামক ডাকঘরের দায়িত্বপ্রাপ্ত কোনো রানার না থাকায় বিবিরচর ডাকঘরের রানার অনেকটা কচ্ছপের গতিতে গোয়াডাঙ্গা ডাকঘরে পৌঁছে দেয়। ফলে যখন চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে। এভাবে চাকরির পরীক্ষাও হাতছাড়া হয়েছে। তাই গোয়াডাঙ্গা ডাকঘরের অভিভাবকত্ব শেরপুর জেলা ডাক বিভাগ থেকে ময়মনসিংহ জেলা ডাক বিভাগের কাছে হস্তান্তর এবং গোয়াডাঙ্গা ডাকঘরের জন্য একজন রানার নিয়োগ করা অতীব জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রাশেদুল ইসলাম রাশেদ,
চরনিয়ামত, ফুলপুর, ময়মনসিংহ
