জেলায় পৃথক হামলায় কুপিয়ে দুই আওয়ামী লীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আরও ৪ জনকে জখম করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে উপজেলার ঘুঘুরাইল চাতাল বাজার ও উত্তর বাহাদুরপুর গ্রামে পৃথক এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইউনুছ আলীকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘুঘুরাইল চাতাল বাজারের মুখোশধারী দুর্বৃত্ত স্থানীয় একটি দোকানে প্রবেশ করে ইউনুছ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ইউনুছ মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার হাত ও পায়ের রগ কেটে দেয়। এসময় তাদেরকে বাধা দিতে আসলে মিজানুর ও নজরুলকে কুপিয়ে জখম করা হয়। ইউনুছের মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা সেখানে ৩/৪টি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অপরদিকে উপজেলার উত্তর বাহাদুরপুর গ্রামের আব্দুল আলীমকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী স্থানে নিয়ে তার হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে নির্বিঘ্নে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ জানান, সন্ত্রাসীদের আটকের জন্য ইতিমধ্যে পুলিশের কয়েকটি দল অভিযান চালিয়ে যাচ্ছে।
