ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনে গত সাত দিনে তিনটি গ্রাম সম্পূর্ণ এবং আরো তিনটি গ্রামের আংশিক নদীগর্ভে চলে গেছে। এতে গৃহহারা হয়েছে প্রায় চারশ পরিবার। গ্রামগুলো হচ্ছে বল্লভপাড়া, তেররশিপাড়া ও খাড়ুভাঁজ, কারিগড়পাড়া, শংকর মাদবপুর, উত্তর কোদালকাটি।
গ্রামবাসী জানান, ঈদের আগের দিন থেকে ভাঙ্গান ভয়াবহ রূপ ধারণ করেছে। ভাঙ্গনের তাণ্ডবলীলায় রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে।
বল্লভপাড়া গ্রামের নয়ান (৪০) আলী বলেন, ‘আমার বাড়ির ভিটার কোনো চিহ্নই নেই। এক ঘন্টার মধ্যে আমার বাড়িসহ আরো ১০টি বাড়ি ভেঙ্গে গেছে। ঘরের আসবাব নিয়ে বাজারের পাশে অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। তেররশিপাড়া গ্রামের জমশের আলী (৩৮), বিধবা অমেলা বেগম (৬০) আশ্রয় নিয়েছে পাইকান টারি গ্রামের রাস্তায়।
শিক্ষক আব্দুল করিম জানান, ভাঙ্গনকবলিত গ্রামগুলোর মানুষ সবাই দিনমজুর। তাদের মধ্যে এখন নগদ টাকা ও খাদ্যের অভাব দেখা দিয়েছে।
কোদালকাটি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, গত এক সপ্তাহে তার এলাকার ৪শ’ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। জেলা প্রশাসককে লিখিতভাবে দ্রুত নদী ভাঙ্গনকবলিত মানুষগুলোর মাঝে সাহায্য দেয়ার আবেদন জানানো হয়েছে।
