কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং অপর ১১ জন আহত হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) \ চাটখিল সোনাইমুড়ি সড়কের হালিমা দীঘির পাড় পল্লী বিদ্যুত্ অফিসের সামনে গতকাল বৃহস্পতিবার সকালে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটর সাইকেলের আরোহী তিন যুবক নিহত এবং এক যুবক গুরুতর আহত হন। নিহতরা হচ্ছেন ভীমপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ফুজায়েল আহম্মেদ (২২), সুন্দরপুর গ্রামের রুহুল আমিনের ছেলে নাছির উদ্দিন (২৮) এবং হরিকৃষ্ণপুর গ্রামের আবু তাহেরের ছেলে সাইদুজ্জামান রাব্বি (২৬)। গুরুতর আহত রকিব হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) \ রাণীশংকৈল নেকমরদ পাকা সড়কে সন্ধারই নামক স্থানে বৃহস্পতিবার একটি নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৬ জন আহত হয়। নিহতরা হলেন- কাশিপুর-বটতলী গ্রামের ইয়াকুব আলী (২৫) ও মহারাজা নয়া বন্দরের ইসমাইল হোসেন (২৮)। গুরুতর আহতরা হলেন- কাশিপুর-বটতলী গ্রামের আবুল কালাম (২৫), মহলবাড়ি গ্রামের ভুট্টো (৩৬), কাহারোল উপজেলার বেলাল (৩০), বালিয়াডাঙ্গির ফেন্সি (২২), আলসিয়া গ্রামের জোহন (৩২), হরিপুর উপজেলার হাসিনা (২৫)। আহতদের রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা \ বৃহস্পতিবার দুপুরে মাগুরায় সড়ক দুর্ঘটনায় ওমর আলী (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত রিক্তা খাতুনকে (২৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওমর আলীর বাড়ি মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রামে।
