কোটালীপাড়ায় সেতু ধসে পড়ায় দুর্ভোগে অর্ধ-লক্ষাধিক মানুষ

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:২৪
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি সেতু ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে স্কুল, কলেজগামী ছাত্র-ছাত্রীসহ এলাকার অর্ধ-লক্ষাধিক মানুষ। দু’সপ্তাহ আগে সেতুটি ধসে পড়লেও এখন পর্যন্ত মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। জানা গেছে, উপজেলার রামশীল-জহরেরকান্দি খালের ওপরে পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন হাইস্কুলের পাশের এ সেতুটি প্রায় দু’দশক আগে নির্মিত হলেও সেতুটি কখনো সংস্কার করা হয়নি। পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শুভ্র বিশ্বাস, বিটু জয়ধর, আকাশ বাড়ৈ জানায়, সেতুটি ধসে পড়ায় নৌকা দিয়ে স্কুলে যেতে হয়। অনের সময় নৌকার অপেক্ষায় থাকতে থাকতে ক্লাস শুরু হয়ে যায়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বনোজ কুমার মজুমদার বলেন, সেতুটি ভেঙ্গে পড়ায় বিদ্যালয়গামী ছাত্র-ছাত্রীরা যথাসময়ে স্কুলে আসতে পারছে না। রামশীল ইউনিয়নের চেয়ারম্যান খোকন বালা বলেন, এলাকাবাসীর যাতায়াতের জন্য অবিলম্বে একটি বাঁশের সাঁকো নির্মাণের ব্যবস্থা করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী খান-এ-শামীম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।