আমানত রক্ষাকারীকেই ভোট দেয়া প্রয়োজন:পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:২৪
পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, রাজা-বাদশারও এক ভোট, রাস্তার ভিক্ষুকেরও এক ভোট। সুতরাং এই ভোট একটি মূল্যবান জিনিস এবং পবিত্র আমানত। তাই এই ভোট এমন জায়গায় দেয়া দরকার, যে এ আমানত ও পবিত্রতা রক্ষা করতে পারে। তিনি বুধবার জেলার হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের হাবিব গাজী বাড়ীতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, গত নির্বাচনে বিজয়ী হয়ে হাইমচরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ, চাঁদপুর-হাইমচর পাকা সড়ক নির্মাণ ও হাইমচর কলেজকে ডিগ্রিতে উন্নীতকরণ। আগামী নির্বাচনে তাকে আবারও সুযোগ দিলে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। এরপর মন্ত্রী হাইমচর মহাবিদ্যালয়ের ডিগ্রি ক্লাস উদ্বোধন, নবীন বরণ ও কলেজের ত্রিতল ভবন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও প্রভাষক মোখলেছুর রহমান মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া ও মো. নুর হোসেন পাটওয়ারী।