অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি নাগরিককে ৮ মাস কারাভোগের পর বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বুধবার সকালে উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এরা হলো যশোরের কোমরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রাজ্জাক (৩৪) ও রবনিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে আক্তারুল ইসলাম (২৯)।
বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের মেদিনীপুর ক্যাম্পের ইনচার্জ হাবিলদার তোতা মিয়া জানান, ওই দুই বাংলাদেশি আট মাস আগে কাজ করার উদ্দেশে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। কিছুদিন কাজ করার পর তারা কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে। পরে সাজা হলে তাদের দমদম জেলখানায় পাঠানো হয়।
মেদিনীপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই দুই বাংলাদেশিকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদের পর দুপুরে জীবননগর থানায় সোপর্দ করে। জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রকিব খান জানান, বৃহস্পতিবার তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।
