গোয়ালন্দে চরমপন্থি দলের সদস্য খুন

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:২৬
গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলে বুধবার রাতে বোরহান চৌধুরী (২৩) নামের একজন খুন হয়েছে। সে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের লোকমান মেম্বারের পাড়ার আব্দুল গফুর চৌধুরীর ছেলে। থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বোরহান মোটর সাইকেলযোগে দুই বন্ধুকে সাথে করে গোয়ালন্দ পৌরসভার জামতলা থেকে কাজ শেষ করে বুধবার রাত সাড়ে দশটার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। এগারটার দিকে দেবগ্রাম তেনাপঁচা খেয়াঘাটে পৌঁছলে আগে থেকে অবস্থান নিয়ে থাকা ৫/৬ জনের সশস্ত্র সর্বহারা সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এসময় বোরহানের সাথে থাকা বন্ধু ছাব্দুল মোল্লার (২৮) পেটে বন্দুকের বাট দিয়ে আঘাত করলে সে রাস্তার পাশে পড়ে যায় এবং অপর বন্ধু জাহাঙ্গীর দৌড়ে নদীতে ঝাপ দিয়ে পার হয়ে পরিবারকে খবর দেয়। পরে সন্ত্রাসীরা বোরহানের মাথার বাম দিকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে একটি ও পিঠে আরেকটি গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ বোরহানের লাশ উদ্ধার করে এবং ছাব্দুল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গোয়ালন্দ থানার ওসি আবুল বাসার বলেন, লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।