রামুতে অস্ত্রসহ মহিলা আটক
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশিয় তৈরি (এল.জি) বন্দুকসহ এক মহিলাকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত মহিলা হামিদা বেগম (২৬) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মুড়াপাড়া এলাকার মোঃ রুবেলের স্ত্রী। গত বুধবার এ অভিযান পরিচালিত হয়।
মেলান্দহে যুব ঋণ বিতরণ
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১০ লাখ টাকার যুব ঋণ বিতরণ করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন শোক র্যালী বের করে। র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন, মুক্তিযোদ্বা কমান্ডার আলহাজ এসএম আ: মান্নান প্রমুখ।
নাচোলে দুই গাঁজা বিক্রেতার কারাদণ্ড
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ নাচোলে দুই গাঁজা বিক্রেতাকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাঘরাইল গ্রামের আমির হুমায়নকে (৩০) ২ মাস ও রবি চন্দ্রকে (৪৮) ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গত বুধবার ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুফিয়া আক্তার রুমী’র সামনে হুমায়ন ও রবিচন্দ্র তাদের অপরাধ স্বীকার করলে তিনি তাদের এ দণ্ডাদেশ প্রদান করেন।
হোসেনপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের হোসেনপুরে গত বুধবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা যায়, হোসেনপুর সদরে সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ওয়েল্ডিং-এর কাজ করার সময় সোহেল মিয়া (২০) নামে এক শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। তাকে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ গত বুধবার কুমিল্লার মনোহরগঞ্জে দেবপুর জনকল্যাণ পরিষদের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন সৈকতের সভাপতিত্বে নরহরিপুর-দেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় এইচএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মামটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোবারক উল্লাহ মজুমদার কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও গরীব-দুস্থ মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
নাঙ্গলকোটে দুঃস্থদের মাঝে সাহায্য বিতরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা\ নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মজুমদার নাঙ্গলকোট ফাউন্ডেশনের মাধ্যমে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে সাহায্যের চেক বিতরণ করেছেন। গত বুধবার উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে এ অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহজাহান ভুঁইয়া, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা প্রমুখ।
ফুলতলা থেকে অভয়নগরের দুর্বৃত্ত’র লাশ উদ্ধার
যশোর অফিস \ যশোরের অভয়নগরের এক ‘দুর্বৃত্ত’র লাশ খুলনার ফুলতলার একটি ঘের থেকে উদ্ধার করা হয়েছে। অভয়নগর থানার ওসি জানান, হত্যাকাণ্ডের শিকার শাহিনের (২৩) বাড়ি অভয়নগর উপজেলায়। তবে পার্শ্ববর্তী উপজেলা ফুলতলা থেকে লাশ উদ্ধার হওয়ায় ময়না তদন্তের জন্য স্থানীয় পুলিশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বানারীপাড়ায় স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ায় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলার ওয়ারেন্টের আসামি পল্লী চিকিত্সক মোঃ ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার ইলুহার গ্রাম থেকে থানার এস আই রিফাজউদ্দিনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।
চাঁপাইনবাবগঞ্জে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গত বুধবার রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই স্থানে বাংলাদেশের প্রকৃতি এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয় ১৭ জন শিশু শিক্ষার্থী।
জগন্নাথপুরে বাল্য বিবাহ পণ্ড করে দিলেন ইউএনও
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি নতুন পাড়া গ্রামে দরিদ্র আতাউর রহমানের ১২ বছরের কন্যা পপি বেগমের সাথে একই গ্রামের হাবিবুর রহমানের ১৪ বছরের কিশোর পুত্র ছাদিকুর রহমানের গত বুধবার বিয়ে সম্পন্নের প্রস্তুতি নেয়া হয়। মঙ্গলবার রাতে বাল্য বিবাহের বিষয়টি ইউএনও মোঃ হুমায়ুন কবির জানতে পেরে দ্রুত বাল্য বিয়েটি বন্ধের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান বালিকান্দি নতুন পাড়া গ্রামে গিয়ে বাল্য বিবাহটি বন্ধ করে দেন।
মুকসুদপুরে যুব উন্নয়নের চেক বিতরণ
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের মুকসুদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান রবিউল আলম শিকদার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করেন।
নাইম হত্যার জেরে চাটখিলে দোকানপাট ভাংচুর
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা \ তুচ্ছ ঘটনায় নোয়াখালী জেলার চাটখিলের আফসরখিল গ্রামের আবদুল মান্নানের ছেলে মাহফুজুল ইসলাম নাইম (২০) কে গত মঙ্গলবার রাতে হত্যা করার প্রতিবাদে গত বুধবার রাতে উত্তেজিত জনতা দৌলতপুর সারেং-এর পোলের গোড়ায় হামলা চালিয়ে ১৫টি দোকান ভাংচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার সময় জনতার হামলায় ৬জন দোকানদার আহত হন।
দশমিনায় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা\ পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা গত বুধবার অনুষ্ঠিত হয়। দলের অস্থায়ী কার্যালয়ের সামনে যুবদলের সভাপতি আঃ মোমেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-অর্থবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য প্রভাষক আমীনুল হক, আলীম তালুকদার প্রমুখ।
সাভার ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের মাঝে ছাগল বিতরণ
সাঘাটা (গাইবান্ধা ) সংবাদদাতা \ আর্তমানবতার সেবায় পাশে আছি-এমন প্রত্যয় নিয়ে সাভার ট্রাজেডিতে হতাহতদের পরিবারের মাঝে ছাত্রদের সেবামূলক সংগঠন ইউথ ফর ইউ-এর উদ্যোগে ছাগল বিতরণ করা হয়েছে। গত বুধবার সাঘাটা উপজেলা ও মহিমাগঞ্জের ছাত্রদের সমন্বয়ে গঠিত উক্ত সংগঠনের আয়োজনে স্থানীয় ডাকবাংলো মাঠে উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজির হোসেন প্রধান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার পুলিশ (সদর দপ্তর) এম নাজেম আহম্মেদ লিমন, আশফিকুর রহমান রিয়াদ প্রমুখ।
হিলি সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় আপেল আটক
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আসা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় আপেলসহ একটি ট্রাক আটক করেছে বিজিবি হিলি সিপি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি জানায়, আটককৃত আপেল রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে এনে ট্রাকযোগে বগুড়া নিয়ে যাওয়ার সময় হিলির টিএন্ডটি রোড থেকে আটক করা হয়।
কুষ্টিয়ার ভেড়ামারায় শাড়ি লুঙ্গি অর্থ বিতরণ
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান বানাত আলী, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী টুকু প্রমুখ।
মেহেরপুরের গাংনীতে অস্ত্রের আঘাতে ৬ জন আহত
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে টিউবওয়েল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষের সময় বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে শিশুসহ আহত হয়েছে ৬ জন ।
কোটালীপাড়ায় মাছের পোনা অবমুক্ত
কোটালীপাড়া(গোপালগঞ্জ)সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা মত্স্য দপ্তরের পক্ষ থেকে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত বুধবার উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস পশ্চিমপাড়স্থ সরকারি পুকুরে পোনা অবমুক্ত করে উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, গোপালগঞ্জ মত্স্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন পাটয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রামে জামায়াত নেতা গ্রেফতার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গত বুধবার রাতে মাওলানা আবদুল হালিম নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি। তিনি কুমিল্লা ডিবি পুলিশের গাড়ি ভাংচুর মামলার আসামি।
খোকসায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার স্থানীয় জনগণ গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ তমিজ উদ্দিন গত বুধবার উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা- কর্মীর সাথে মতবিনিময় করেন। এতে পৌর বিএনপির সভাপতি ও পৌরসভা চেয়ারম্যান দেওয়ান নাজিমুদ্দিন মনজু, উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ধামরাই ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম, সূতিপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রমিজুর রহমান, ভাড়াড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি সোনামুদ্দিন প্রমুখ।
মহেশপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গত বুধবার কেন্দ্রীয় যুবলীগ নেতা অধ্যক্ষ নবী নেওয়াজ মহেশপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঈদ উত্তর শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
তিনি প্রেসক্লাবে উপস্থিত হলে সভাপতি আব্দুর রহমান সম্পাদক রুহুল আমিন তাকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক অধীর সরকার, আঃ সেলিম, বিএম আজাদ, আমিরুজ্জামান সুফি, রাজেদুল ইসলাম রাজা প্রমুখ।
পাবলিক লাইব্রেরীর নিকট জাতীয় গ্রন্থকেন্দ্রের চেক প্রদান
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা \ খুলনার পাইকগাছায় হেডমাষ্টার আমজাদ আলী পাবলিক লাইব্রেরীর নিকট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্রের ২২ হাজার ৮৯০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গত বুধবার লাইব্রেরীর সভাপতি এ্যাড. এম মাফতুন আহম্মেদের নিকট চেকটি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম শহীদুল্ল¬াহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম, লাইব্রেরীর সেক্রেটারী সাংবাদিক আলাউদ্দিন রাজা প্রমুখ।
পঞ্চগড়ে স্নাতক পর্যায়ের উপবৃত্তি প্রদান
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে ৮টি কলেজের ৫শ’ ৫০ জন ছাত্রীকে স্নাতক পর্যায়ে ৩০ লাখ ৯১ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩ লাখ ২০ হাজার টাকা উপবৃত্তি, ৮ লাখ ২০ হাজার টাকা বই ক্রয় বাবদ অনুদান, ৫ লাখ ৫০ হাজার টাকা পরীক্ষা ফি বাবদ সহায়তা এবং ৩ লাখ ৯৬ হাজার টাকা টিউশন ফি বাবদ প্রদান করা হয়েছে। গত বুধবার পঞ্চগড় সরকারি মহিলা কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
আহত পুলিশ সদস্যদের দেখতে গেলেন এমপি
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে রাজনগর নামক স্থানে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্য জহুরুল ইসলাম (৪০), সম্মান (২৮) ও মিনাজকে (৪৮) গত বুধবার হাসপাতালে দেখতে আসেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন এবং তিনি আহত পুলিশ সদস্যদের চিকিত্সার খোঁজ-খবর নেন। এ সময় জেনারেল হাসপাতালের আরএমও ডা. অলোক কুমার দাস, যুবলীগ নেতা জাফর ইকবাল সেখানে উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গত বুধবার কৌচাকৃষ্ণপুর গ্রামের সোলেমান আলীর (৬২) মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাঁশঝাড় থেকে বাঁশ কেটে ফেরার সময় বিদ্যুসস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
