বঙ্গোপসাগরে দুই সপ্তাহের ব্যবধানে আবারো অর্ধশতাধিক ফিশিং ট্রলারে গণডাকাতি হয়েছে। শরণখোলা, মহিপুর ও বাগেরহাট মত্স্যজীবী সংগঠন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোরে সাগরের এক নং বয়ার বাইরে জলদস্যু জাহাঙ্গীর বাহিনী দুইটি দ্রুতগামী ট্রলারে এসে জেলে বহরে হামলা চালায় । শরণখোলা মত্স্যজীবী সমিতির সভাপতি আবুল হোসেন জানান, অর্ধশতাধিক মাঝিকে তারা অপহরণ করে নিয়ে গেছে। একই সঙ্গে তারা প্রায় এক কোটি টাকা মূল্যের ইলিশ, ডিজেল, ট্রলারের ইঞ্জিন ও মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এর আগে গত দুই আগস্ট সাগর থেকে জলদস্যু শীর্ষ বাহিনী ৫০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। এরা অনেকেই এখনো মুক্তি পায়নি।
মনপুরায় জলদস্যুদের তাণ্ডব
মনপুরা (ভোলা) সংবাদদাতা\ মনপুরার কাছে মেঘনায় জলদস্যু কালাম বাহিনী তাণ্ডব অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর তিনটার দিকে মনপুরার চরনিজাম ও চরপিয়াল সংলগ্ন মেঘনায় ফের জেলেদের উপর জলদস্যু কালাম বাহিনী গুলিবর্ষণ করে। এতে জাকির মাঝি গুলিবিদ্ধ হয়। এ সময় জলদস্যুরা জসিম মাঝির ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করে হাতিয়ার জঙ্গইলার চরের দিকে (ঠেঙ্গার চর) নিয়ে যায়। খবর পেয়ে চরনিজাম পুলিশ ফাঁড়ির পুলিশ মেঘনায় অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ জলদস্যুদের কাছ থেকে একটি ট্রলার উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
