পার্বতীপুর-পঞ্চগড় রুটে পরীক্ষামূলকভাবে নতুন দুটি ডেমু ট্রেন চালু

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩৪
জেলার পার্বতীপুর রেল স্টেশন থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত পরীক্ষামূলকভাবে দুটি ডেমু ট্রেন চালু করা হয়েছে। পার্বতীপুুর রেল স্টেশন থেকে দিনাজপুর রেল স্টেশন পর্যন্ত এই ডেমু ট্রেন গতকাল বৃহস্পতিবার সকালে ১০টা ২৫ মিনিটে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর রেল স্টেশনে পৌঁছায়। এখানে কিছুক্ষণ যাত্রাবিরতি শেষে ট্রেনটি পুনরায় পঞ্চগড়ের উদ্দেশে রওয়ানা দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডেমু ট্রেনের উভয় পাশে দুটি ইঞ্জিন রয়েছে। নতুন এই ডেমু ট্রেনের ৩টি কোচে যাত্রী ধারণ ক্ষমতা ৩শ’ জন। তবে এই ট্রেনে করে প্রায় ৪শ’ যাত্রী আসা-যাওয়া করতে পারবে। এই ট্রেনে নেই কোন বাথরুম ও এসি। এর ফলে এই ট্রেনে যাত্রীদের চলাচলে সামান্য সমস্যা হবে বলে জানিয়েছেন রেল বিভাগের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে চলার কিছুদিনের মধ্যে রেলমন্ত্রী মজিবুল হক এই ট্রেনের উদ্বোধন করবেন। পরীক্ষামূলকভাবে ডেমু ট্রেন চালু করার সময় রেল বিভাগের ডিভিশনাল ম্যানেজার আব্দুল হাই, ডিভিশনাল ট্রাফিক সুপারেটেন্ট মোস্তাফিজুর রহমান, আরএমবি কমাডেন্ট আব্দুস সাত্তার ভুঁইয়া, ডিএফই রেজাউল করিম, ডিইএন আসাদুল হক, সিইএফ হাসান মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিনাজপুর পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও রেল স্টেশন পর্যন্ত দূরত্ব ৯৪ কিলোমিটার ও দিনাজপুর পার্বতীপুর থেকে লালমনিরহাট রেল স্টেশনের দূরত্ব ৭১ কিলোমিটার।