সিলেটের বিশ্বনাথে বিক্ষুব্ধ জনতা এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট তালা দিয়ে রেখেছে। নিয়মিত হাসপাতালে চিকিত্সক না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় হাসপাতালের গেটে তালা দিয়ে রাখা হয়। এক ঘন্টা পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর হাসপাতালের তালা খুলে দেয়া হয়। খবর পেয়ে সন্ধ্যা ৬টায় সিলেট সিভিল সার্জন আজহারুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
জানা গেছে, গতকাল সকাল ১১টায় উপজেলার ইলামেরগাঁও গ্রামের এক শিশু হাসপাতালে চিকিত্সা নেয়ার জন্য আসে। এসময় হাসপাতালে কর্তব্যরত কোন ডাক্তার পাওয়া যায়নি। ফলে হাসপাতাল থেকে রোগী নিয়ে তার আত্মীয়-স্বজন বের হয়ে যান। বেলা সাড়ে ৩টায় এলাকাবাসী এ অভিযোগ এনে হাসপাতালের প্রধান ফটকের গেট তালাবদ্ধ করে রাখে।
এদিকে, গত মঙ্গলবার হাসপাতালের দায়িত্বে থাকা ১৩ জন কর্মকর্তা-কর্মচারিকে এক সাথে বদলি করে সিলেট সিভিল সার্জন অফিস। এই বদলির জের ধরে গতকাল হাসপাতালে তালাবদ্ধ করা হতে পারে। এনিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, হাসপাতালের দায়িত্বরত চিকিত্সক প্রাইভেট চিকিত্সা নিয়ে ব্যস্ত থাকেন সব সময়। নিয়মিত তারা হাসপাতালে আসেন না। চিকিত্সক না পেয়ে গতকাল এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে তালা দিয়ে রেখেছেন।
