খালেদা জিয়া গতরাতে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৪৮
গতরাতে গুলশানের কার্যালয়ে ৬৯ পাউন্ডের কেক কেটে ৬৮তম জন্মদিন উদযাপন করলেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছাড়া জন্মদিন উপলক্ষে সকালে তার গুলশানের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদেশে অবস্থানরত দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকো এবং তাদের স্ত্রী-সন্তানরা টেলিফোনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে রাতে তার গুলশান কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১টি ৬৯ পাউন্ডেরসহ মোট সাতটি কেক কাটেন নেতা-কর্মীরা। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার ৬৯ বছরে পা দিলেন। ১৯৪৫ সালে তার জন্ম। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোরে টেলিফোনে ‘হ্যাপি বার্থ ডে দাদু’ বলে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান তার নাতনি জাইমা, জাফিয়া ও জাহিয়া। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, জন্মদিনের প্রথম প্রহরে লন্ডন থেকে জাইমা এবং ব্যাংকক থেকে জাফিয়া ও জাহিয়া দাদীদে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া জাইমার বাবা তারেক রহমান ও মা জোবাইদা রহমান এবং জাফিয়া ও জাহিয়ার বাবা আরাফাত রহমান কোকো ও মা তাব্বাসুম রহমান সিথিও টেলিফোনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বিরোধী দলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল জানান, প্রতি বছরের মতো এবারো নিভৃতে পারিবারিকভাবে জন্মদিন পালন করেন বিরোধী দলীয় নেতা। জন্মদিন উপলক্ষে সকালে তার গুলশানের বাসায় দোয়া মাহফিল হয়। আত্মীয়-স্বজনরা বাসায় এসে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এদিকে, বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ছাত্রদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজনে পর্যায়ক্রমে মোট সাতটি কেক কাটা হয়। এরমধ্যে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ৬৯ পাউন্ডের কেকটি কাটেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অন্য কেকগুলো কাটেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস ও ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। কেক কাটার সময় দলের নেতা-কর্মীরা স্লোগান ধরেন ‘শুভ শুভ জন্মদিন, খালেদা জিয়ার জন্মদিন’। পরে ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘দেশনেত্রীর ৬৮তম জন্মবার্ষিকী আজ। আমরা এই দিনে তার দীর্ঘায়ু কামনা করছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি। আমরা দোয়া করি-তিনি যেন সুস্থ থেকে এদেশের জনগণের সেবা করতে পারেন। গণতন্ত্র রক্ষার মাধ্যমে আমাদের নেত্রী দেশের অগ্রগতি ও মানুষের কল্যাণ করে যেতে পারেন।’ আগামী সংসদ নির্বাচনকালীন নির্দলীয় সরকারের জন্য চলমান আন্দোলনে বিরোধী দলীয় নেতার প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্যও দেশবাসীর কাছে আহ্বান জানান ড. মোশাররফ। নয়াপল্টনে কেক কাটার সময় বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক এ জেডএম জাহিদ হোসেন, এডভোকেট আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ফজলুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, আবুল খায়ের ভুঁইয়া, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এডভোকেট সানাউল্লাহ মিয়া, সুলতান সালাহউদ্দিন টুকু, কাজী আবুল বাশার, নবী উল্লাহ নবী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, জাফরুল হাসান, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব ও কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ। এছাড়া নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে ঢাকা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গতকাল এক আলোচনা সভা হয়। সংগঠনের সভাপতি এডভোকেট খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে এতে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এডভোকেট সানাউল্লাহ মিয়া ও ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।