‘লাদেন অভিযানের আগে তাস খেলেন ওবামা’

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৪৯
আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হত্যার অভি-যানের দিন তাস খেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মূলত উত্কণ্ঠা এড়াতেই তিনি এ কাজটি করেন। প্রেসিডেন্টের সাবেক ব্যক্তিগত সহকারী রিগি লাভ এক সাক্ষাত্কারে এ তথ্য প্রকাশ করেন। খবর এনডিটিভি’র। নিউইয়র্ক ম্যাগাজিনের ওয়েবসাইটে বুধবার এ খবর প্রকাশিত হয়। রিগি লাভ একটি ভিডিওতে বলেন, ওবামা পাকিস্তানে গোপন কমান্ডো অভিযানের সরাসরি ভিডিও পুরোপুরি না দেখে তাস খেলেন। ২০১১ সালের ২মে ওই অভিযানে আল-কায়েদা প্রধানকে হত্যা করা হয়। রিগি বলেন, অধিকাংশ লোক তখন সিচুয়েশন রুমের প্রতি নজর রাখছিল। তবে আমি পুরো দৃশ্য দেখিনি। প্রেসিডেন্ট, আমি এবং হোয়াইট হাউস ফটোগ্রাফার পেট সুজা ১৫টি গেম খেলেছি। সফল অভিযান পরিচালনার পর একটি অফিসিয়াল ছবি প্রকাশ করা হয়। এতে দেখা যায় ওবামা, তার পাশে তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা অভিযানের ভিডিও দেখছেন।