হাতিরঝিল সংলগ্ন ৫ থানা ছিনতাইকারীর নিয়ন্ত্রণে!

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৫৪
রাজধানীর হাতিরঝিল সংলগ্ন ৫ থানার এলাকায় গড়ে ওঠেছে কয়েকটি ছিনতাইকারী চক্র। তেজগাঁও শিল্পাঞ্চল, গুলশান, বাড্ডা, রামপুরা ও রমনা থানা এলাকার সংযোগস্থল হচ্ছে এই হাতিরঝিল। নগরবাসীর কাছে এই এলাকাটি বিনোদনের অন্যতম স্থান। এখানে গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষের পদচারণা হয়। অনেকেই রাতে বিনোদন হিসাবে এই এলাকায় ঘুরতে আসেন। আর ঘুরতে এসেই অনেকেই ছিনতাইকারীর কবলে পড়ছেন। ইতিমধ্যে রাতে কয়েকটি ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ প্রশাসনকেও বিষয়টি ভাবিয়ে তুলেছে। যার যার এলাকায় নিরাপত্তা নিয়ে ডিউটি করলেও পুলিশের সমন্বিত কোন ডিউটি না থাকায় হাতিরঝিলের আশেপাশের সড়কগুলোতে পথচারীরা ছিনতাইকারীর কবলে পড়ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান ইত্তেফাককে বলেন, হাতিরঝিল সংলগ্ন আশেপাশের সড়কগুলোতে সংশ্লিষ্ট থানা এলাকার টহল জোরদার রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট বিভাগের অধীনে একজন অতিরিক্ত উপ-কমিশনার নিরাপত্তার বিষয়টি মনিটরিং করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, রামপুরা এলাকা দিয়ে হাতিরঝিলে প্রবেশের সড়কগুলোতে গত এক মাসে অন্তত ৫০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানাগুলোতে কোন অভিযোগও করেননি। রামপুরা থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, এলাকার আল আমিন গ্রুপের ক্যাডার বাহিনী এই ছিনতাই নিয়ন্ত্রণ করে। তাদের হাতে ৫টি আগ্নেয়াস্ত্র রয়েছে। এই গ্রুপের হাতে কয়েকদিন আগে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শরীফ, জাফর, পরিমল, সুমনসহ ১০/১২ জনের আল আমিন গ্রুপের ছিনতাইকারীরা রামপুরা ব্রিজ থেকে মগবাজারের পূর্ব পর্যন্ত হাতিরঝিলে প্রবেশের অন্তত ১০টি সড়ক এই গ্রুপ নিয়ন্ত্রণ করে। সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, হাতিরঝিলের বাড্ডা ও গুলশান থানা এলাকা কয়েকটি ছিনতাইকারী গ্রুপ নিয়ন্ত্রণ করে। জাহাঙ্গীর-আলমগীর গ্রুপ, আলম গ্রুপ ও ঘেঘু বিল্লাল গ্রুপ এলাকার সংযোগ সড়কগুলোতে ছিনতাই নিয়ন্ত্রণ করে থাকে। রমনা এলাকার বিশেষ করে এফডিসি রেলক্রসিং, মগবাজার রেলক্রসিং, মধুবাগ আমবাগান ও পীর সাহেবের গলি এলাকা নিয়ন্ত্রণ করে রিপন গ্রুপ। তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বেগুনবাড়ি এলাকার সড়কগুলোতে সুমন, সোহেল, হূদয়, পিচ্চি ভূট্টো ও ফেদু গ্রুপের ছিনতাইকারীরা ছিনতাই করে। উল্লেখ্য, হাতিরঝিল সংলগ্ন টঙ্গী ডাইভারসন সড়কে গত ৩১ মার্চ পুলিশ ও ছিনতাইকারীর মধ্যে বন্দুক যুদ্ধের পর জসীমসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এর আগে হাতিরঝিলের মগবাজার এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে আরিফ নামে এক সন্ত্রাসী নিহত হন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন পদস্থ কর্মকর্তা জানান, ঢাকাবাসীর বিনোদনের অন্যতম স্থান হাতিরঝিলে রাতে অনেকেই ঘুরতে আসেন। বিশেষ করে রিকশায় বা হেঁটে যারা এই এলাকায় আসেন তাদের মধ্যে কেউ কেউ ছিনতাইয়ের শিকার হন। এ ব্যাপারে ডিবির একটি টহল টিম হাতিরঝিল এলাকায় রাতে ডিউটি দিলেও অনেক বড় এলাকা হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না।