ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় মামলার বাদীসহ সাক্ষী-স্বজনদের ওপর খুনীদের হামলা, বাড়িঘর ভাংচুর ও হুমকি-ভয়ভীতির প্রতিবাদ এবং বিচারপ্রার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত উদ্দেশ্য ও হয়রানিমূলক পাল্টা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন, প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারের পরিবার ও ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেন, মামলার প্রধান আসামি সন্ত্রাসী ও ভূমিদস্যু আব্দুল কাদের জিলানি ও তার বাহিনীর লোকজন মামলার সাক্ষীদের নানাভাবে হয়রানি, মারধর ও ভয়ভীতি দেখাচ্ছে। তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না এলাকার নিরীহ মানুষও।প্রতিবাদ করায় উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ভূমিদস্যু আব্দুল কাদের জিলানী ও তার বাহিনী। এই বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করেন।
আরো পড়ুন: ‘যে পরিমাণ কর নেন সেই সেবা জনগণকে দেন না’

এসময় মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারের পুত্র মাহমুদুল হাসান মাসুন, মুক্তিযোদ্ধা কামাল পাশা, জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মওলা তরফদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক হুমায়ুন রশিদ সোহাগ, পেশাজীবী সন্তান কমান্ডের আহ্বায়ক এবিএম ফজলে রানা, মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষিকা ফাতেমা খাতুনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
