আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আন্দোলন করে কোনো সমাধান আসবে না বলে মন্তব্য করেছেন। বিরোধীদলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন করে কোন লাভ হবে না। আন্দোলনে সমাধান আসবে না।’
সৈয়দ আশরাফ গতকাল বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিরোধী দলকে সংসদে এসে যে কোন বিষয়ে আলোচনার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, আপনাদের গঠনমূলক কোনো প্রস্তাব যদি থাকে, সংসদে আসেন। সেটাই আলোচনার জায়গা।
মামলায় সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায়ও বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার অনেক পরে তাঁর হত্যাকারীদের বিচার হয়েছে। রায় আংশিকভাবে কার্যকর করা হয়েছে তারও অনেক পরে। সুতরাং আমাদের ধৈর্য আছে। যাদের যেখানে পাওয়া যাবে তাদের বাংলাদেশের আইনের কাঠামোতে নিয়ে আসা হবে এবং রায় কার্যকর করা হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশগড়ায় মনোনিবেশ করতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আওয়ামী লীগ অসামপ্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়তে বদ্ধপরিকর। একটি অসামপ্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে এক হতে হবে।
