পাকিস্তানকে মনমোহনের হুঁশিয়ারি

ভারত বিরোধী কর্মকাণ্ড বন্ধ করুন

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৫৫
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সম্পর্ক উন্নয়ন করতে চাইলে ভারত বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এ সময় বিজেপি নেতা নরেন্দ্র মোদিরও সমালোচনা করেন তিনি। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাধীনতা দিবসের এক ভাষণে মনমোহন সিং এসব কথা বলেন। বর্তমান মেয়াদে এটাই মনমোহন সিংয়ের স্বাধীনতা দিবসের শেষ ভাষণ। খবর এনডিটিভি’র। প্রধানমন্ত্রী আবারো কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটকে ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহবান জানান। তিনি বর্তমান সরকারের গত দশ বছরের সাফল্য তুলে ধরেন। নয়াদিল্লির লালকেল্লা থেকে বার্ষিক ভাষণদানকালে মনমোহন সিং বলেন, ভারত তার প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করেন বলেন, সম্পর্কের উন্নয়ন চাইলে পাকিস্তানের মাটি থেকে ভারত বিরোধী কর্মকাণ্ড করুন। কারণ বর্তমানের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে সম্পর্কের উন্নতি সম্ভব নয়। জন্মু ও কাশ্মীর সীমান্তে নিরাপত্তার স্বার্থে সব পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। মনমোহন সিং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ মোদির সমালোচনা করে বলেন, আধুনিক, প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ দেশে সাম্প্রদায়িক এবং সংকীর্ণ মানসিকতার স্থান নেই। আর এ ধরনের মানসিকতা দেশের গণতন্ত্রকে দুর্বল করবে বলে উল্লেখ করে তিনি বলেন, এধরনের মানসিকতা যেন বাড়তে না পারে সেজন্য আমাদের প্রতিরোধ করতে হবে। প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি বুলেট প্রুফ ঘেরাটোপ থেকে এ ভাষণ দেন। এ সময় সম্ভাব্য জঙ্গি হামলার মোকাবেলায় হাজার হাজার নিরাপত্তা সৈন্য মোতায়েনের ফলে লালকেল্লা কার্যত একটি দুর্গে পরিণত হয়। এদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে গতকাল মণিপুর রাজ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।