কোরআন শিক্ষার নামে জঙ্গি প্রশিক্ষণ!

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৫৬
দেশের বিভিন্ন জেলায় কোরান শিক্ষার নামে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ (হুজি)। গত বুধবার রাতে ঝালকাঠির নলছিটিতে এরকম প্রশিক্ষণ চলাকালে একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে হুজি নেতা আব্দুর রউফের অন্যতম সহযোগী মশিউর রহমান ওরফে মিলন তালুকদার (৩০) রয়েছেন। এসময় মাদ্রাসা থেকে গ্রেনেড, রামদাসহ কিছু জিহাদী বই-পত্র উদ্ধার করা হয়েছে। গত ১১ আগস্ট থেকে নলছিটিতে এই প্রশিক্ষণ শুরু করা হয়। এর আগে হুজি ভোলায় প্রশিক্ষণ পরিচালনা করেছে বলে আটকরা স্বীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মজিদ আলী জানান, ইতিপূর্বে ঝালকাঠিতে জঙ্গি হামলায় ২ বিচারক ও পিপি হত্যার কারণে জঙ্গি কর্মকাণ্ড এবং তাদের গোপন আস্তানার বিষয়ে পুলিশ গোয়েন্দা নজরদারী করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর কওমী মাদ্রাসা এলাকা কর্ডন করে পুলিশ। তখন মাদ্রাসার মসজিদের ভিতরে স্থানীয় লোকজন না থাকলেও বাইরে কিছু জুতা দেখা যায়। সেখান থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সেখানে গোপন বৈঠক করছিলেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান যে এখানে কোরান শিক্ষা দেয়া হচ্ছে। আটকদের দল নেতা স্থানীয় নাচনমহল গ্রামের মৃত কদম আলী তালুকদারের ছেলে মো. মশিউর রহমান ওরফে মিলন তালুকদার । যিনি ইতিপূর্বে গ্রেফতার হওয়া হুজি নেতা আব্দুর রউফের অন্যতম সহযোগী। সেখানে মশিউর অপর ৮ জন কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। পরে মাদ্রাসার ভিতর থেকে ২ জিহাদী বই, ১ টি ডায়েরি, ১টি গ্রেনেড, ৪ টি রামদা, ৭ টি মোবাইল ও কিছু লিফলেট উদ্ধার করা হয়। আটকরা হচ্ছেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের মৃত রব মৃধার ছেলে আবুল বাশার মৃধা (৪০), একই গ্রামের হায়দার আলী মাতুববরের ছেলে মিনহাজুল আবেদিন (১৮), একই উপজেলার মজুমদার কান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল আজিজ (২৫), গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার জাকোর গ্রামের মোকছেদ শেখের ছেলে সেরাজুল ইসলাম (৪৩), ঝালকাঠির নলছিটি উপজেলার মালুহার গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে নুরুল ইসলাম (২৫), একই গ্রামের মাসুম বিল্লাহ্র ছেলে বাকি বিল্লাহ্ ওরফে বাকি (২০), কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে জোবায়ের (২৫) এবং সারদল গ্রামের নূরুল ইসলামের ছেলে সোহাগ (৩০)। গ্রেফতারকৃত মশিউরসহ অপর কর্মীরা জিজ্ঞাসাবাদে জানান, মশিউর হুজি নেতা রউফের সহযোগী হিসেবে বিভিন্ন জেলায় কোরআন শিক্ষার নামে জিহাদী প্রশিক্ষণ দিয়ে আসছেন। গত ১১ আগস্ট মশিউর নলছিটিতে এই প্রশিক্ষণ শুরু করেন। এর আগে ভোলায় প্রশিক্ষণ পরিচালনা করেছেন। প্রশিক্ষণের পাশাপাশি মশিউর হুজির ফান্ডের জন্য অর্থ সংগ্রহ করে আসছেন। ঝালকাঠিতে মশিউরের নেতৃত্বে পুনরায় কোন নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। মশিউর পুলিশের জিজ্ঞাসাবাদে আরো জানান, কাশিমপুর কারাগারে আটক হুজি নেতা আব্দুর রউফের সাথে তার সরাসরি কারাগারে এবং মোবাইলে যোগাযোগ রয়েছে। এমনকি রউফের স্ত্রীর সাথেও মশিউরের যোগাযোগ হয়। পুলিশ সূত্র মতে, মশিউরকে র্যাব দীর্ঘদিন ধরে খুঁজছিল। তিনি কখনো টুপি, কখনো আতর, কখনো বাদাম বিক্রেতা সেজে বিভিন্ন জেলায় আত্মগোপন করে হুজি নেতা রউফের পক্ষে কার্যক্রম পরিচালনা করে আসছেন। পুলিশ জানায়, আটক আব্দুল আজিজের কাছ থেকে পাওয়া ডায়েরিতে লেখা রয়েছে : শেখ হাসিনা সরকার কাফের সরকার। নারী উন্নয়ন নীতিমালা কোরআনের সাথে সাংঘর্ষিক। তাই এই নীতিমালা মেনে নেয়া যায় না। হেফাজত ইসলামের ঢাকা অবরোধের দিন আজিজ সেখানে অংশগ্রহণ করেন বলেও ডায়েরিতে উল্লেখ রয়েছে। গ্রেফতারকৃতদের ব্যাপারে পুলিশ সুপার মজিদ আলী বলেন, এরা ঝালকাঠিতে পুনরায় নাশকতামূলক জঙ্গি কার্যক্রম ঘটানোর পরিকল্পনা করছিল। তার আগেই তাদের গ্রেফতার করে ওই পরিকল্পনা নস্যাত্ করে দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় নলছিটি থানায় সন্ত্রাস বিরোধী আইন এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মাসুদুজ্জামান জানিয়েছেন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যানুযায়ী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।