দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না : মির্জা ফখরুল

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৫৭
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, কিন্তু আওয়ামী লীগ তা চায় না। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। যা জনগণ কোনদিনও মেনে নেবে না। তিনি গতকাল বৃহস্পতিবার বগুড়ায় টিটু মিলনায়তনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৬৮তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি’র একটাই দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, সংসদ সদস্য মোস্তফা আলী মুকুল, অ্যাডভোকেট হাফিজার রহমান এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ প্রমুখ।