ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। শোক দিবস উপলক্ষে সকালে চ্যান্সারি ও বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। হাইকমিশনে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। হাইকমিশনার সোহরাব হোসেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় গতকাল বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে উপ-হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর উপ-হাইকমিশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষে’ স্থাপিত তাঁর আবক্ষমূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপ-হাইকমিশনের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম এতে সভাপতিত্ব করেন। উপ-হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীগণ এবং কলকাতাস্থ সোনালী ব্যাংক ও বাংলাদেশ বিমানের কর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করেন।- তথ্য বিবরণী
