তিনটি কারণে লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ে এবারও পাল্লা ঝুঁকে থাকবে বার্সেলোনার দিকে। অল্প কথায় বলতে গেলে এই তিনটি কারণ হল মূলত তিনজন খেলোয়াড় - লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও নেইমার দস স্যান্তোস।
পাসিং ফুটবলের জন্য যেই বার্সেলোনা ফুটবল ক্লাবের এতো নামডাক সেখানেই এবারের মৌসুমে একই একাদশে থাকছেন বিশ্ব ফুটবলের তিন বিস্ময়কর ও সৃষ্টিশীল ড্রিবলার। ৭৬০ কোটি ডলারের বিনিময়ে নেইমার ব্রাজিলিয়ান ক্লাব স্যান্তোস ছেড়ে কাতালান ক্লাবটিতে আসার পর থেকেই ভক্তরা এই তিনজনকে একসাথে লা লিগায় দেখার জন্য উদগ্রী হয়ে আছেন।
কাগজে কলমে পরিপূর্ণ এক দল; এর মধ্যেও কি কোন গোলমাল সম্ভব?
মৃদুভাষী ইনিয়েস্তা এতোদিন মূল দায়িত্ব মেসির কাঁধে হাসিমুখেই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ঠিক এই কাজটাই ব্রাজিলের সময়ের সবচেয়ে উজ্জ্বল তারকা নেইমার কি করতে পারবেন? স্যান্তোস যাকে কিংবদন্তী পেলের উত্তরসূরি মনে করতো সেই নেই নেইমারের পক্ষে কি সম্ভব হবে মেসির সহযোগী হিসেবে খেলা চালিয়ে যাওয়া?
গণমাধ্যম কিংবা ভক্তরা যাই মনে করুক না কেন ২১ বছর বয়সী নেইমার নতুন ক্লাবে এসেই সাফ জানিয়ে দিয়েছিলেন মেসির জায়গা নিতে নয় বরং মেসির সহযোগিতা করতেই তার বার্সায় আগমন ঘটেছে, ‘মেসি যাতে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যেতে পারেন সে জন্য তার সহযোগিতা করতেই আমি এসেছি।’
দুয়েক সপ্তাহ পর বার্সেলোনার জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচের পর আগের কথাগুলোরই পুনরাবৃত্তি করেন। জানিয়েছিলেন মেসির পাশে পার্শ্বনায়কের ভূমিকা পালন করতে পারলেই খুশি তিনি, ‘মেসি চমত্কার একজন মানুষ। আমাদের মধ্যে প্রতিদিন কথা হয়। নিজেদের মধ্যে কোন সমস্যা হবার কথা আমরা কল্পনাও করতে পারি না। যেমনটা আশা করেছিলাম দলের পরিবেশটা এর থেকেও অনেক বেশি ভাল। আমি জানতাম এখানকার পরিবেশ অনেক ভাল হবে। কিন্তু ঠিক কতোটা ভাল, সেটা দলের একজন না হলে আসলে বোঝা যায় না।’
শৈশব থেকেই বার্সেলোনার মতো একটা ক্লাবে খেলার স্বপ্ন দেখা নেইমার আরও বলেছিলেন, ‘মেসি, জাভি (হার্নান্দেজ), ইনিয়েস্তা, (কার্লোস) পুয়োলদের মতো খেলোয়াড়দের সাথে খেলা আমার ছোটবেলার স্বপ্ন। যতো দ্রুত সম্ভব আমি দলের খেলার ধরনের সাথে নিজেকে মানিয়ে নিতে চাই।’
এরপরেও কথা থেকে যাচ্ছে। পেলের মতে এই নেইমারই একদিন মেসিকে টপকে বিশ্ব সেরা খেলোয়াড়ের জায়গা দখল করে দিবে। আর সেজন্য আপাতত নেইমারকে বার্সেলোনার খেলার ধরনের সাথে মানিয়ে নিতে হবে। আর বার্সা ‘টিকিটাকা’ কে টিকিয়েই রেখেছেন মেসি আর ইনিয়েস্তা। তাই মেসির কাছে নিজেকে আত্মসমর্পণ করা ছাড়া কোন বিকল্প নেই নেইমারের সামনে। এখানেই এসে পড়ছে ব্যক্তিত্বের দ্বন্দ্বের প্রশ্ন। আর নেইমার যদি তার মুখের কথা মতোই কাজ করেন তাহলে এমন কোন কিছু হওয়ার কোন সম্ভাবনাই নেই।
পেপ গার্দিওলার জমানায় (২০০৮ থেকে ২০১২) জয় করা ১৪টি শিরোপা জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন মেসি। আর টিটো ভিলানোভার সময়ে শেষ মৌসুমে এই মেসির সৌজন্যেই লা লিগায় রেকর্ড ১০০ পয়েন্ট অর্জন করে বার্সেলোনা।
এই জুন মাসে ২৬ এ পা রাখা মেসি এর মধ্যেই দখল করে নিয়েছেন বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতার স্থানটি। গত মৌসুমে করেছিলেন ৪৬টি গোল। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য অল্পের জন্য এর আগের মৌসুমে করা ৫০টি গোলের রেকর্ড ছোঁয়া হয়নি এই আর্জেন্টাইনের।
বলা হয়ে থাকে মেসির কারণে বার্সেলোনায় পাদপ্রদীপের নিচে আসতে পারেননি স্যামুয়েল ইতো, জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকারা। আর মেসির কারণে দলে নিয়মিত হতে পারেননি এই কিছুদিন আগে বার্সা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেয়া ডেভিড ভিয়া।
বলা হচ্ছে, নেইমার এদের থেকে আলাদা।
মূল খেলোয়াড় হিসেবে মেসির উত্থানের পর এবারই প্রথম মেসির পরবর্তীতে দলের হাল ধরতে পারবেন এমন একজনকে দলে নিল বার্সা। আর এর জন্য দুজনের মধ্যে ভাল বোঝাপড়াটা খুব বেশি জরুরি। সেটা না হলে বড় এক ঝামেলার সামনেই পড়তে হবে কাতালানদের। ইনিয়েস্তা, জাভি আর সেস ফ্যাবিগ্রাস থাকার পরও এতো অর্থ খরচ করে নেইমারকে নিয়ে আসাটা তখন অর্থহীন বলেই মনে হবে।
একজন এর মধ্যেই কিংবদন্তীদের কাতারে চলে গেছেন; আরেকজনও আছেন সেই পথে। আর এই দুজনকে একসাথে সামলানোর দায়িত্ব এখন আরেক ল্যাটিন কোচের। বার্সেলোনার নতুন কোচ জেরার্ডো মার্টিনোও এই দুজনকে একসাথে খেলানোকে বেশ কষ্টকর বলেই মনে করছেন, ‘ আমি কখনও কল্পনাও করতে পারি না যে তারা (মেসি ও নেইমার) একসাথে খেলছে। আর তারা যদি একসাথে খেলতে না পারে সেটাকে আমি কখনওই তাদের সমস্যা বলবো না, এটা হবে তাদের কোচের ব্যর্থতা।’
তাহলে সারমর্ম দাঁড়াচ্ছে, মার্টিনো যদি এই দুজনকে সন্তুষ্ট রাখতে পারেন তবেই গোলবন্যার দেখা পাবে বার্সেলোনা। আর তখন লিগের বাকি দলগুলোর সতর্ক হয়ে যাওয়া ছাড়া আর কোন রাস্তা নেই!
এসব অনেক সমীকরণকে সামনে রেখেই আজ থেকে মাঠে গড়াচ্ছে লা লিগার লড়াই। প্রথমদিনে বড় কোন দল মাঠে নামছে না। তবে দ্বিতীয় দিনেই বড় দলগুলোকে লড়াইয়ে দেখা যাবে। একই দিনে মৌসুম শুরু করছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
আজ শুরু লা লিগা
এ
ক
ন
জ
রে
আজকের ম্যাচ
রিয়াল সোসিয়েদাদ গেটাফে
রিয়াল ভ্যালাদোলিদ অ্যাথলেটিক বিলবাও
ভ্যালেন্সিয়া মালাগা
আগামীকালের ম্যাচ
বার্সেলোনা লেভান্তে
ওসাসুনা গ্রেনাডা
রিয়াল মাদ্রিদ রিয়াল বেটিস
সেভিয়া অ্যাটলেটিকো মাদ্রিদ
