বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে ভিয়েনায় শোক সমাবেশ

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২১:২০
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হেলবাগটাসে ১৫ আগস্ট বিকেলে প্রবাসী বাঙালিদের এক শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি নারী-পুরুষের উপস্থিতিতে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। এতে প্রধান অতিথি ছিলেন সব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক এম নজরুল ইসলাম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রিয়া আওয়ামী লীগের উপদেষ্টা আশরাফুল বারি মিহির, ইউনুস আহমদ খান, সহ-সভাপতি আব্দুল জলিল, শফিকুর রহমান বাবুল, আকতার হোসেন, সাইফুল ইসলাম জসিম, সামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহি দাস সাহা, বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন আজাদ প্রমুখ। সমাবেশের দ্বিতীয় পর্বে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ভিয়েনাস্থ বাইতুল মামুর মসজিদ-এর ইমাম ও খতিব মাওলানা মমিনুল ইসলাম।