পাবনা শহরে বৃহস্পতিবার দুপুরে শোকমিছিলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবক ইমন হোসেন (২৩) মারা গেছেন। নিহত ইমন পাবনা পৌর সদরের বাংলাবাজার মহল্লার টিটু হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের একটি শোক মিছিল শহর প্রদক্ষিণ করছিল। এসময় কতিপয় দুর্বৃত্ত মিছিলের পেছন দিকে থাকা ইমনকে ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিত্কারে স্থানীয় লোকজন ইমনকে উদ্ধার করে দ্রুত পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিত্সক। ইমনের মামা আব্দুর রাজ্জাক জানান, রাজশাহী নেবার পথে বিকেলে পুঠিয়া এলাকায় মারা যায় ইমন।
