জিয়াউর রহমানের মতোই হতে যাচ্ছে এনামুল হক বিজয়ের সেঞ্চুরির ভাগ্যটা। আগের ম্যাচে সেঞ্চুরি করেও দলের হার দেখেছিলেন জিয়া। এবার বিজয়ের এক দুরন্ত সেঞ্চুরির পরও বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে জয়ের পথে আছে উরচেস্টারশায়ার।
বিজয়ের ১১০ রান ও মোমিনুলের ৬৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ দল ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রান করে। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে এক উইকেট হারিয়ে ১০২ রান করে ফেলেছে উরচেস্টারশায়ার।
টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ‘এ’ দল। বিজয় ও সামসুর রহমান শুভর উদ্বোধনী জুটি ৭৭ রান তুলে সিদ্ধান্তকে যৌক্তিকই প্রমাণ করে। এরপর জহুরুল ইসলাম মাত্র ৯ রানে ফিরে গেলেও মোমিনুলের সঙ্গে দারুণ এক জুটি করেন বিজয়। চতুর্থ উইকেটে এই দুইজন যোগ করেন ৯৬ রান। বিজয় ১২২ বলে ৮টি চার ও ৩টি ছয়ে সাজানো ১১০ রান করে ৩ উইকেট নেওয়া শাইখ চৌধুরীর শিকার হয়ে ফেরেন।
এরপর নাঈম ইসলামকে নিয়ে পঞ্চম উইকেটে ৩৪ রান যোগ করেন মোমিনুল। এই ডাহাতি তরুণ আউট হয়ে ফেরার আগে ৭৪ বলে ৬টি চার ও একটি ছয়ে সাজানো ৬৪ রান করে ফেরেন। এরপর নাঈমকে সেভাবে আর কেউই সঙ্গ দিতে পারেননি। ফলে শেষ দিকে আর খুব বেশি রান তুলতে পারেনি বাংলাদেশ। নাঈম ৫৩ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন।
