রংপুরে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা খুন

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:১৯
রংপুর জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক শাহিন আলমকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী মেরিনা আক্তার রিয়ার অভিযোগ, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল শুক্রবার সারাদিন বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ছাত্রদল নেতা শাহীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মটরসাইকেলে নগরীর পাঁয়রা চত্বরে আসছিলেন। এ সময় পূর্ব শিমুলবাগ এলাকায় আগে থেকে অবস্থান নেয়া হেলমেট পরা অজ্ঞাত ৮/৯ জন দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ৩টি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় শাহীনের সাথে থাকা বাবু নামের এক যুবকও আহত হন। কোতয়ালী থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে। এখন পর্যন্ত এই ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। এ ঘটনায় মেডিক্যাল পূর্বগেট এলাকাবাসীসহ জেলা ছাত্রদল নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।